স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ ডিসেম্বর : সোনামুড়া গরু বাজারে তীব্র উত্তেজনা ছড়ায় শনিবার। বিএসএফের ধাওয়ায় বিশালগড়ের ঘটনার পুনরাবৃত্তির আতঙ্ক সৃষ্টি হতেই বন্ধ করে দেওয়া হয় বাজার। জানা যায়, সোনামুড়ার ময়নামা দিক থেকে একটি গরু বুঝাই গাড়িকে বিএসএফের একটি গাড়ি দীর্ঘক্ষণ ধাওয়া করে। ধাওয়া খেয়ে গাড়িটি দ্রুতগতিতে এসে সোনামুড়া গরু বাজারের ভেতরে প্রবেশ করে।
তার কিছুক্ষণের মধ্যেই বিএসএফের গাড়িটিও বাজারে এসে প্রবেশ করে। বাজারে উপস্থিত ক্রেতা-বিক্রেতারা আকস্মিক এই ধাওয়া দেখে উত্তেজিত হয়ে উঠে। অনেকেই একজোট হয়ে বিএসএফের গাড়ির দিকে ধাওয়া দিলে, পরিস্থিতি জটিল হতে পারে ভেবে বিএসএফের গাড়িটি দ্রুত বাজার থেকে বেরিয়ে যায়। ঘটনার পর বাজারজুড়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে উত্তেজনা শুরু হয়।
স্বাভাবিক নিয়মে বাজার বিকেল ৩টা পর্যন্ত চলার কথা থাকলেও পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় দুপুর ১২ টার মধ্যেই গরু বাজার বন্ধ হয়ে যায়। এদিকে সূত্রের খবর বিএসএফের কাছে অগ্রিম খবর ছিল বেআইনিভাবে বাজারে গরু নিয়ে আসা হচ্ছে। রাজ্যে বিভিন্ন সময় একাধিক গরু চুরির ঘটনা ঘটছে। এরই মধ্যে এই গাড়িটি বিএসএফ দেখে যখন দাঁড় করানোর জন্য নির্দেশ দেয় তখন গাড়িটি নিয়ে পালিয়ে আসে গাড়ি চালক। তখনই বুঝতে পারে ডাল মে কুছ কালাহে। তারপরেই ধাওয়া করে বিএসএফ। গোটা বাজারের মধ্যে একাধিক বেআইনি কার্যকলাপের অভিযোগ রয়েছে। স্থানীয় প্রশাসন এগুলি এড়িয়ে গেলে বিএসএফের পক্ষ থেকে একা বিষয়টি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। স্থানীয় প্রশাসনের মদতে পাচারের আকড়া হয়ে গেছে সোনামুড়া এবং বিশালগড় মহকুমা। কড়া নজরদারি থাকলে বিএসএফের পক্ষ থেকে পাচার বন্ধ করা কোন কঠিন কাজ নয় বলে মনে করে সাধারণ মানুষ।

