স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ অক্টোবর :কোন বিদ্যালয় থেকে কোন শিক্ষক বদলি হলে সে শিক্ষকের দাবিতে রাস্তা অবরোধ, বিক্ষোভ প্রদর্শন করা রাজ্যে এক প্রকার ভাবে ট্র্যাডিশন হয়ে গেছে। এর পেছনে অবুঝ ছাত্রছাত্রীদের উস্কে দেওয়া হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। সরকারি চাকরির নিয়ম অনুযায়ী বদলি কোন অভাব্য বিষয় নয়, বদলি হওয়া স্বাভাবিক নিয়মে পড়ে। পরিবর্তে যদি সেই বিদ্যালয়ে কোন শিক্ষক বদলি করে না আনা হয় এবং বিদ্যালয়ে যদি শিক্ষক সংকট থাকে তাহলে আন্দোলন করা স্বাভাবিক বিষয়।
কিন্তু কোন এক শিক্ষককে দপ্তরের নিয়ম অনুযায়ী বদলি করা হলে সেই শিক্ষককের দাবিতে রাস্তা অবরোধ করা এক প্রকার ভাবে প্রশ্ন রাখে বিদ্যালয় পরিচালন কমিটি এবং বদলি হওয়া সেসব শিক্ষক-শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের দিকে। যাই হোক এমন একটি ঘটনা সংঘটিত হলো মঙ্গলবার। এদিন কাঞ্চনপুর-ধর্মনগর সড়ক অবরোধ কর্ণজয় চৌধুরীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। মূলত শিক্ষক বদলির প্রতিবাদে এইদিন কাঞ্চনপুর-ধর্মনগর সড়ক অবরোধে সামিল হয় কর্ণজয় চৌধুরীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
বিদ্যালয়ের পড়ুয়ারা জানায় তাদের বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক এক শিক্ষককে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। এই বদলি প্রতিবাদে তারা সড়ক অবরোধে সামিল হয়েছে। তাদের দাবি বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের ঐ শিক্ষককে অন্যত্র বদলি করা চলবে না। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব চৌধুরীর মৌখিক আশ্বাসে সড়ক অবরোধ মুক্ত হয়। এইদিন সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে আটকে পরে বহু যানবাহন।

