স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ সেপ্টেম্বর: বুধবার রাজধানীর শহরতলী মলয় নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাইপাস সংলগ্ন রামঠাকুর আশ্রমের নব নির্মিত সিসি রোড এবং বাইপাস নাগিছড়া এলাকায় নব নির্মিত শ্যামা প্রসাদ মুখার্জি মার্কেট স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নব নির্মিত এই মার্কেট স্টলে ১৬ টি স্টল রয়েছে। এইদিন নব নির্মিত মার্কেট স্টলের উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। উপস্থিত ছিলেন ডুকলি ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ পঞ্চায়েতের প্রতিনিধিরা।
এইদিনের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল বলেন, মলয় নগর পঞ্চায়েত এলাকায় যে সকল বেকার যুবকরা রয়েছে, যাদের ব্যবসা করার কোন জায়গা নেই, তাদেরকে ব্যবসা করার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে। বর্তমানে সমগ্র দেশে সরকারি চাকুরি পাওয়া কঠিন বিষয়। সমগ্র বিশ্ব জুড়ে সরকারি চাকুরি পাওয়া বর্তমানে কঠিন বিষয়। কারন শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার পাশাপাশি সরকারি চাকুরি পাওয়ার ক্ষেত্রে অনেক নতুন নতুন নিয়ম চলে এসেছে। বিগত সরকার নিয়ম না মেনে বেকারদের সরকারি চাকুরি দিয়েছিল। এই নিয়ে আদালতে মামলা হয়েছে। যার কারনে অনেককে চাকুরি হারাতে হয়েছে।

