Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য অপহৃত দুই নাবালিকা উদ্ধার আসাম থেকে, গ্রেফতার দুই

অপহৃত দুই নাবালিকা উদ্ধার আসাম থেকে, গ্রেফতার দুই

অপহৃত দুই নাবালিকা উদ্ধার আসাম থেকে, গ্রেফতার দুই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ সেপ্টেম্বর: রাজ্যে অপহরণ, নিখোঁজ, চুরি, ছিনতাইয়ের মত ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রীতিমতো আঙ্গুল তুলছে রাজ্যের সাধারণ মানুষ। এরই মধ্যে আমতলী থানা এলাকা থেকে অপহৃত হয় দুই নাবালিকা। পুলিশ তাদের আসাম থেকে উদ্ধার করেছে। আটক করা হয়েছে দুই অপহরণকারি।

 জানা যায় আমতলি থানার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার বাসিন্দা জুলফু মিয়া ও খয়েরপুরের বাসিন্দা সাগর মিয়া আমতলি থানা এলাকা থেকে দুই নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায়। দুই নাবালিকার পরিবারের পক্ষ থেকে আমতলি থানায় মামলা দায়ের করা হয়। আমতলি থানার পুলিশ দুই নাবালিকাকে উদ্ধার করার জন্য পুলিশের একটি টিম গঠন করে। পুলিশ ঘটনার তদন্তে নেমে আসামের জোরহাট থেকে দুই নাবালিকাকে উদ্ধার করে। একই সাথে গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্ত জুলফু মিয়া ও সাগর মিয়াকে। আমতলি থানার ওসি জানান অপহুত দুই নাবালিকার মোবাইল নাম্বারের সুত্র ধরে আসামের জোরহাট থেকে দুই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে।

একই সাথে অভিযুক্ত জুলফু মিয়া ও সাগর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার অভিযুক্তদের আদালতে সোপর্দ করে পুলিশ। তবে রাজ্যে এ ধরনের অপরাধমূলক কার্যকলাপের পর রেল পরিষেবাকে কাজে লাগিয়ে বাইরে পাড়ি দিচ্ছে অপরাধকারীরা। কিন্তু পুলিশ তাদের অনায়াসে জলে তুলতে পারছে না। দু একটি ঘটনার ছাড়া পুলিশের সফলতা অনেকটাই নগণ্য বলা চলে। তবে চাঞ্চল্যকর অপহরণ কাণ্ডের ঘটনার লাগাম টানতে সক্ষম হলো আমতলী থানার পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান