স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ আগস্ট : ২০২২ সালে এস টি জি টি পরীক্ষা নেওয়ার পর ফলাফল ঘোষণা না করেই পুনরায় একই পদের জন্য নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করতে প্রস্তুতি নিয়েছে সরকার। এরই প্রতিবাদে শিক্ষা দপ্তরের সামনে জড়ো হলো চাকরি প্রত্যাশী যুবক যুবতীরা। ২০২২ সালে এস টি জি টি -র এক পরীক্ষার্থী জানান, দীর্ঘ ৩ বছর হয়ে গেলেও এখন পর্যন্ত তাদের ফলাফল ঘোষণা হয়নি।
এখন পর্যন্ত বহুবার দপ্তরের দরজার কড়া নাড়লে তাদের জানিয়ে দেওয়া হয় বিষয়টি সুপ্রিম কোর্টে রয়েছে। সংরক্ষণ নীতি নিয়ে যে মামলা হয়েছিল সে মামলায় এখনো ঝুলে আছে। চূড়ান্ত শুনানি না হওয়ায় পর্যন্ত ফলাফল ঘোষণা করবে না সংশ্লিষ্ট দপ্তর। কিন্তু লক্ষ্য করা গেল গত কিছুদিন আগে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এসটিজিটি পদে নতুন করে নিয়োগ প্রক্রিয়া জন্য সরকার উদ্যোগ নিয়েছে। সেই অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য প্রস্তুতি চলছে। একটি তীব্র প্রতিবাদ জানিয়ে আজ শামিল হয়েছে চাকরি প্রত্যাশী যুবক যুবতীরা।
তাদের প্রশ্ন সরকার কেন আগের নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রেখে নতুন করে নিয়োগ প্রক্রিয়া জন্য প্রস্তুতি নিচ্ছে? চারিদিকে শিক্ষক সংকটে হাহাকার চলছে বিদ্যালয়গুলির মধ্যে। সরকারের যদি নিয়োগের সদিচ্ছা থাকে তাহলে কেন আগে নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করে নি। বর্তমানে তাদের মধ্যে অনেকেই বয়সোত্তীর্ণ হয়ে গেছে বলে দাবি করেন। তবে এদিনের আন্দোলনে লক্ষ্য করা গেছে সরকারের ভয়ে কাবু ছিল চাকুরী প্রত্যাশীরা। কেউ মাস্ক পরিধান করে আবার কেউ মুখ্যমন্ত্রীর প্লেকার্ড দিয়ে মুখ ঢেকে আন্দোলন করেছে। আশঙ্কা সংবাদ মাধ্যমের সামনে মুখ ঢেকে না আসলে চাকরি হবে না।

