স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ মে: আর্সেন ভেঙ্গারের হাত ধরে ২০০৩-০৪ মৌসুমে গোটা আসরে অপরাজিত থেকে লিগ জিতেছিল আর্সেনাল। তারপর থেকে এই স্বাদ আর পায়নি তারা।গত মৌসুমে শুরু থেকে দারুণ খেলে প্রায় ২৫০ দিন পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শিরোপা খরা কাটানোর প্রবল সম্ভাবনা জাগায় দলটি। তবে মৌসুমের শেষের অংশে গড়বড় হয়ে যায় সব। হোঁচট খায় তারা একের পর এক ম্যাচে। তাদের ব্যর্থতা এবং সেই সময় নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সে তিন ম্যাচ হাতে রেখে শিরোপা জিতে নেয় ম্যানচেস্টার সিটি।
এই মৌসুমে শিরোপা লড়াই শেষ দিন পর্যন্ত টেনে নিয়ে যায় আর্সেনাল। সিটির চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে থেকে তারা শেষ দিনে মাঠে নামে। এমিরেটস স্টেডিয়ামে এভারটনের বিপক্ষে ২-১ গোলে জিতেও তাদের লাভ হয়নি। নিজেদের ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-১ গোলে উড়িয়ে প্রথম দল হিসেবে টানা চার মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের কীর্তি গড়ে পেপ গুয়ার্দিওলার দল সিটি।এভারটন ম্যাচ শেষে আর্সেনাল সমর্থকদের উদ্দেশ্যে আর্তেতা বলেন, তাদের শিরোপা জয় খুব দূরে নয়।
“এখন বিশ্রাম দরকার, এখন চিন্তা-ভাবনা করার সময়। এই দলটিকে অনুপ্রাণিত করতে থাকুন। তৃপ্ত হবেন না, কারণ আমরা এর চেয়ে অনেক বেশি কিছু চাই এবং আমরা (শিরোপা) পেতে যাচ্ছি।”কেন তিনি এত আত্মবিশ্বাসী, এমন প্রশ্নে আর্তেতার উত্তর, “আমাদের যা করতে হবে, তা যদি আমরা করতে পারি তাহলে আরও কাছে চলে আসব এবং শেষ পর্যন্ত আমরা জিতব। কখন জিতব, তা জানি না। তবে যদি আমরা নিজেদের অনুপ্রাণিত করতে থাকি তাহলে শেষ পর্যন্ত তা ঘটবে।”আর্সেনাল লিগ শেষ করেছে ৮৯ পয়েন্ট নিয়ে। প্রিমিয়ার লিগের ইতিহাসে শিরোপা জিততে না পেরে যা তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট।
২০১৭-১৮ মৌসুমে প্রিমিয়ার লিগের রেকর্ড ১০০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সিটি, তখন গুয়ার্দিওলার সহকারী ছিলেন আর্তেতা। গত কয়েক বছরে সিটি নিজেদের এমন উচ্চতায় তুলে নিয়ে গেছে যে, এখন শিরোপা জিততে হয়তো ১০০ পয়েন্ট লাগতে পারে, এমন প্রশ্নে আর্তেতা বলেন, “হ্যাঁ। কিন্তু যখন আমরা ১০০ পয়েন্ট পেয়েছিলাম, আমি সেখানে ছিলাম। আমি জানি কী ঘটেছে, এটাই এই স্তর।”“কাউকে ব্যাখ্যা করার দরকার নেই যে এই স্তরটি কী, কারণ আমি সেখানে চার বছর ছিলাম এবং আমি জানি যে, সেখানে পৌঁছতে গেলে আমাদের কী করতে হবে। আমরা সঠিক পথেই আছি।”

