স্যন্দন ডিজিটেল ডেস্ক,২ আগস্ট: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি ছিল ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে। নান্দনিক সৌন্দর্য ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই স্টেডিয়ামের ওয়ানডে অভিষেক হলো এই ম্যাচ দিয়েই। মঙ্গলবার এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২০০ রানে উড়িয়ে সিরিজ জিতে নেয় ভারত। ম্যাচ শেষে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক পান্ডিয়াকে জিজ্ঞেস করা হয় এই মাঠ নিয়ে। তিনি তখন টেনে আনেন তাদের এই সফরের অব্যবস্থাপনার প্রসঙ্গ। “আমাদের খেলা সবচেয়ে ভালো মাঠগুলির একটি এটি। তবে পরেরবার যখন আমরা ওয়েস্ট ইন্ডিজে আসব, অনেক কিছুই আরও ভালো হতে পারে। ভ্রমণ থেকে শুরু করে ব্যবস্থাপনায় আরও অনেক কিছু (ভালো হতে পারে)। গত বছরও কিছু সমস্যা ছিল।”
“আমার মনে হয়, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের উচিত এখন বিবেচনায় নেওয়া এবং এটা নিশ্চিত করা যে, কোনো দল যখন সফরে আসে… আমরা কোনো বিলাসিতা চাই না, কিন্তু মৌলিক প্রয়োজনীয় দিকগুলো ঠিকঠাক দেখতে চাই। এসব ছাড়া এমনিতে আমরা এখানে এসে এবং ভালো কিছু ক্রিকেট খেলে সময়টা উপভোগ করেছি।” ব্যবস্থাপনার ঘাটতির জায়গাগুলো আলাদা করে সুনির্দিষ্ট আর বলেননি পান্ডিয়া। তবে গভীর রাতে ফ্লাইট রাখা, ফ্লাইটে দেরি হওয়া, বিমানবন্দরেই ক্রিকেটারদের রাত কাটাতে বাধ্য হওয়া, এসব নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এই সফরে। ক্যারিবিয়ায় বিদেশি ক্রিকেট দলগুলির সফরে এক দ্বীপ থেকে আরেকটিতে যেতে ভ্রমণের ভোগান্তি এবং সফরের নানা ধাপে অব্যবস্থাপনা নিয়ে আগেও বিভিন্ন দল থেকে অভিযোগ উঠেছে।

