স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২ সেপ্টেম্বর।। অনিশ্চয়তা, টানাপোড়েন ও উত্তেজনার সমাপ্তি দলবদলের একদম শেষ প্রহরে। রেকর্ড ট্রান্সফার ফিতে নিউক্যাসল থেকে লিভারপুলে পাড়ি জমালেন আলেকসান্দার ইসাক। সুইডিশ স্ট্রাইকারকে নিয়ে দুই ক্লাবের সমঝোতা হয়ে গেছে। ১৩ কোটি পাউন্ডে নতুন ঠিকানায় যাচ্ছেন ইসাক, যা ট্রান্সফার ফির ব্রিটিশ রেকর্ড।
কিছুদিন আগে লিভারপুলের ১১ কোটি পাউন্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল নিউক্যাসল। এবারের দলবদলের বাজারে ৩০ কোটি পাউন্ডের বেশি খরচ করে হইচই ফেলে দিয়েছে লিভারপুল। এবার সেখানে যোগ হলো চোখধাঁধানো অঙ্কে ইসাককে দলে নেওয়া। গত মৌসুমে অসাধারণ পারফর্ম করা ফরোয়ার্ড লিভারপুলে যাওয়ার আগ্রহের কথা লুকাননি। নিউক্যাসলের বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি প্রতিশ্রুতি ভঙ্গের।
দুই পক্ষের সম্পর্কের অবনতি হয় চরমভাবে। তারপরও তাকে ধরে রাখতে মরিয়া ছিল ক্লাব। কিন্তু ২৫ বছর বয়সি ইসাকের মন উঠে গিয়েছিল সেন্ট জেমস পার্ক থেকে। সেটিই পরিণতি পেল ট্রান্সফার উইন্ডোর শেষ সময়ে। ২০২২ সালে নিউক্যাসলের ট্রান্সফার ফির রেকর্ড গড়ে ছয় বছরের চুক্তিতে প্রথমবার ইংলিশ প্রিমিয়ার লিগে আসেন ইসাক।
অভিষেকেই লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে গোল করে ম্যাচসেরা হন। গত মৌসুমে ক্যারিয়ারের সেরা সময় কাটান তিনি। প্রিমিয়ার লিগে ২৩ গোল করে বড় ভূমিকা রাখেন নিউক্যাসলকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাইয়ে দেওয়ায়। লিগ কাপ ফাইনালে লিভারপুলকে হারানোর পথেও গোল করেন তিনি, ৭০ বছরের মধ্যে প্রথম শিরোপার স্বাদ পায় নিউক্যাসল।

