Wednesday, August 26, 2026
বাড়ি খেলা ১৫৩ ও ৭৩ রানের পর অপরাজিত ১৯৮, ভারতীয় ব্যাটসম্যানের স্বপ্নযাত্রা

১৫৩ ও ৭৩ রানের পর অপরাজিত ১৯৮, ভারতীয় ব্যাটসম্যানের স্বপ্নযাত্রা

১৫৩ ও ৭৩ রানের পর অপরাজিত ১৯৮, ভারতীয় ব্যাটসম্যানের স্বপ্নযাত্রা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৯ আগস্ট।। গত মৌসুম যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন দানিশ মালেওয়ার ২১ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান চমৎকার ব্যাটিংয়ে সেঞ্চুরি করে ছাড়িয়ে গেলেন নিজের আগের ক্যারিয়ার সেরা ইনিংস প্রথম ডাবল সেঞ্চুরিও এখন তার নাগালেই

ভারতের ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম শুরুর টুর্নামেন্ট দুলিপ ট্রফির কোয়ার্টার-ফাইনালে সেন্ট্রাল জোনের হয়ে নর্থ ইস্ট জোনের বিপক্ষে ১৯৮ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছেন মালেওয়ার। তার ২১৯ বলের ইনিংসে ৩৫ চারের পাশে ছক্কা একটি। প্রথম শ্রেণির ক্রিকেটে এই নিয়ে সবশেষ চার ম্যাচে তার পঞ্চম পঞ্চাশ ছোঁয়া ইনিংস এটি। গত মৌসুমে রাঞ্জি ট্রফির কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালে ৭৫ ও ৭৯ রানের দুটি ইনিংস খেলেন তিনি বিদর্ভের হয়ে। পরে ফাইনালে ১৫৩ ও ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা ছিলেন তিনিই। গত রাঞ্জি ট্রফি দিয়েই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় মালেওয়ারের। ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচেই ফিফটির পর সেঞ্চুরি করেন চতুর্থ ম্যাচে। অভিষেক আসরে ৯ ম্যাচে ২ সেঞ্চুরিতে ৫২.২০ গড়ে ৭৮৩ রান করে বিদর্ভের শিরোপা জয়ে তিন রাখেন উল্লেখযোগ্য অবদান। সেই ফর্ম বইয়ে আনলেন দুলিপ ট্রফিতেও। বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সের গ্রাউন্ড ‘বি’তে বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় ওভারে আয়ুশ পান্ডের বিদায়ের পর তিন নম্বরে উইকেটে যেতে হয় মালেওয়ারকে। দ্বিতীয় উইকেটে আরিয়ান জুয়ালের সঙ্গে ১৪৪ রানের জুটি গড়েন তিনি। ৬০ রান করে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন আরিয়ান। তৃতীয় উইকেটে অধিনায়ক রাজাত পাতিদারের সঙ্গে আরেকটি বড় জুটি গড়েন মালেওয়ার। পাতিদার সেঞ্চুরি করেন স্রেফ ৮০ বলে। ২১ চার ও ৩ ছক্কায় ৯৬ বলে ১২৫ রানের ইনিংস খেলে বিদায় নেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ী অধিনায়ক। এই জুটিতে আসে ১৯৯ রান। মালেওয়ার চালিয়ে যান ব্যাটিং। চা-বিরতির পর বাউন্ডারিতে ১৫৩ থেকে ১৫৭ রানে পৌঁছে ছাড়িয়ে যান নিজের আগের সেরা ইনিংস। ৩৫টি চারের পর প্রথম ছক্কা হাঁকিয়ে ১৯০ থেকে ১৯৬ রানে পৌঁছে যান তিনি। একটু পরই খেলা বন্ধ হয়ে যায় আলোকস্বল্পতার কারণে। পরে নামে বৃষ্টি। আর খেলা শুরু করা যায়নি। ডাবল সেঞ্চুরির জন্য দ্বিতীয় দিন তার চাই স্রেফ ২ রান। সব মিলিয়ে ১০টি প্রথম শ্রেণির ম্যাচে মালেওয়ারের পঞ্চাশ ছোঁয়া ইনিংস হলো ৯টি। ৬৫.৪ গড়ে তার মোট রান এখন ৯৮১।

Rajesh Roy
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha