স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৭ অগস্ট : যেন নতুন প্রাণশক্তির সঞ্চার! অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোকসভার দলনেতা হতেই সংসদে চনমনে দল। বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন এবং বাংলা ভাষার অপমান ইস্যুতে কেন্দ্রকে কোণঠাসা করতে প্রায় প্রতিদিনই জোরালো স্বরে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল। এবার কংগ্রেসও তৃণমূলের সঙ্গে জোটে সমন্বয়ে আগ্রহ বাড়ানো শুরু করেছে।
সোমবারই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় লোকসভায় তৃণমূলের দলনেতা হিসাবে অভিষেকের নাম ঘোষণা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসুস্থ সুদীপ নিয়মিত সংসদে উপস্থিত থাকতে পারছিলেন না। চলতি বাদল অধিবেশনে তাঁকে এক দিনও সংসদে দেখা যায়নি। ফলে বিক্ষোভ দেখালেও দলের সাংসদরা ‘নেতা’র অভাব বোধ করছিলেন। কিন্তু অভিষেক দায়িত্ব নিতেই সেই সমস্যা মিটে যায়। মঙ্গলবারই তিনি ভার্চুয়াল ভাষণে বাংলা ও বাঙালিদের অপমান-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদে সরব হতে আহ্বান জানান। তারপর থেকে লাগাতার সংসদ চত্বরে বিক্ষোভ শুরু করেছে বাংলার শাসকদল।

