Monday, November 2, 2026
বাড়ি জাতীয় বড় ধাক্কা এএপি-র, বিধায়ক পদ থেকে ইস্তফা কুনওয়ার বিজয় প্রতাপ সিংয়ের

বড় ধাক্কা এএপি-র, বিধায়ক পদ থেকে ইস্তফা কুনওয়ার বিজয় প্রতাপ সিংয়ের

বড় ধাক্কা এএপি-র, বিধায়ক পদ থেকে ইস্তফা কুনওয়ার বিজয় প্রতাপ সিংয়ের

চণ্ডীগড়, ২ নভেম্বর (হি.স.): পঞ্জাবে আসন্ন ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ক্ষমতাসীন আম আদমি পার্টিতে বড়সড় ভাঙনের ইঙ্গিত। অমৃতসর উত্তর কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন আইপিএস আধিকারিক কুনওয়ার বিজয় প্রতাপ সিং পঞ্জাব বিধানসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন। বিধানসভার অধ্যক্ষের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়ার পাশাপাশি সমাজমাধ্যমে পোস্ট করে দল ও রাজ্য সরকারের সার্বিক কাজকর্মের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।


পদত্যাগের ঘোষণা করে সমাজ মাধ্যমে তিনি লেখেন, "নেতৃত্বের সংকীর্ণ রাজনীতি ও ফিতে কাটার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে মাদক, তোলাবাজি, গ্যাংস্টার ও দুর্নীতির ফাঁদে বন্দি থাকা পঞ্জাবকে ফের এক প্রগতিশীল ও প্রিয় রাজ্যে রূপান্তর করতে আমাদের সকলকে সম্মিলিত উদ্যোগে ঐক্যবদ্ধ হতে হবে।" উল্লেখ্য, গত দু'দিনে পঞ্জাব এএপি-র অভ্যন্তরে তৈরি হওয়া তীব্র অসন্তোষের জেরে তিনিই হলেন তৃতীয় বিধায়ক যিনি দলীয় পদ বা বিধায়ক পদ ত্যাগ করলেন। এর আগে বিধায়ক হরমিত সিং পাঠানমাজরা এবং চেতন সিং জৌরামাজরা দল ছেড়েছিলেন। পঞ্জাব পুলিশের প্রাক্তন শীর্ষকর্তা হিসেবে কোটকাপুরা ও বেহবাল কালান গুলিকাণ্ডের তদন্তে নেতৃত্ব দেওয়া কুনওয়ার বিজয় প্রতাপ সিং দীর্ঘদিন ধরেই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক সমস্যার সমাধান নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব ছিলেন। সম্প্রতি প্রথম দফায় ৪০ জন প্রার্থীর নাম ঘোষণা করার পরই একের পর এক বিধায়কের দলত্যাগ ভগবন্ত মান সরকারের ওপর রাজনৈতিক চাপ বহুগুণ বাড়িয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha