Saturday, November 21, 2026
বাড়ি জাতীয় বিষমদ খেয়ে মণিপুরে মৃত ১৫! হাসপাতালে ভর্তি ১৮০ জন, বাড়ছে উদ্বেগ

বিষমদ খেয়ে মণিপুরে মৃত ১৫! হাসপাতালে ভর্তি ১৮০ জন, বাড়ছে উদ্বেগ

বিষমদ খেয়ে মণিপুরে মৃত ১৫! হাসপাতালে ভর্তি ১৮০ জন, বাড়ছে উদ্বেগ

স্যন্দন ডিজিটেল ডেস্ক  নভেম্বর ২১ :  মণিপুরে বিষমদ খেয়ে অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন ১৮০ জন। সব মিলিয়ে বিষমদ কাণ্ডে উত্তাল মণিপুরের চান্দেল জেলা। বাড়ছে উদ্বেগ। তবে ওই পানীয়তে ঠিক কী ছিল যার জেরে এতগুলি মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। 


প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, অসুস্থদের মধ্যে ৭৮ জন শিজা হাসপাতালে এবং ২৩ জন বাবিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মণিপুর সরকার স্থানীয় পদ্ধতিতে প্রস্তুত মদজাতীয় কোনও কিছু পান না করার পরামর্শ দিয়েছে। যে মদপানের পরে এই পরিস্থিতি, তা বিষমদই কিনা তা নিশ্চিত করতে পরীক্ষা করে দেখা হবে বলে সূত্রের দাবি।


১৮ থেকে ২০ নভেম্বর, এই তিনদিনে লাগাতার মৃত্যুমিছিল চলছে উত্তর-পূর্বের রাজ্যটিতে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কয়েকজন তাঁদের বাড়িতেই মারা গিয়েছেন। বাকিদের হাসপাতালে আনার পরও বাঁচানো যায়নি। চিকিৎসা চলাকালীনই তাঁরা ঢলে পড়েছেন মৃত্যুর কোলে।

এদিকে এই মৃত্যু নিয়ে চাপানউতোরও শুরু হয়ে গিয়েছে। চান্দেল জেলা পুলিশের দাবি, মৃত ব্যক্তিরা যে মদ পান করেছিলেন বলে অভিযোগ উঠেছে, তা ওই জেলায় তৈরিই হয়নি। বরং কাকচিং জেলার সুগনু থেকে আনা হয়েছিল। যে পাঁচটি মৃত্যুর কথা প্রাথমিক ভাবে জানা গেছে, তার মধ্যে পাঁচটিই সুগনু থানা এলাকার অন্তর্ভুক্ত। সংবাদমাধ্যম ও আমজনতাকে কোনও অসমর্থিত সূত্রের দাবিতে বিশ্বাস না করার আর্জিও জানানো হয়েছে।


এদিকে চান্দেলের ডেপুটি কমিশনার বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। এতে বলা হয়েছে যে, যেসব মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, সেগুলোর সুনির্দিষ্ট কারণ এখনও চিকিৎসা ও বৈজ্ঞানিকভাবে নিশ্চিত করা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। কাজেই এখনই এই নিয়ে কিছু নিশ্চিত করা বলা যাচ্ছে না।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha