স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ১৭ : সেতু থেকে সটান নদীতে পড়ল যাত্রীবাহী বাস । তার আগে খাদ ধরে অন্তত ১০০ মিটার গড়িয়ে গিয়েছে বাসটি। ভোরের আলো ফোটার আগেই মর্মান্তিক ঘটনা উত্তরাখণ্ডের ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়েতে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাসে অন্তত ৩০ থেকে ৩৫জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। আহতদের উদ্ধারের কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।
জানা গিয়েছে, বাসটি ছেড়েছিল হরিদ্বার থেকে। মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগের দিকে রওনা দেয় বাসটি। ঠিক কোন সময়ে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়ে ধরে চলার সময়ে গুলার এলাকার কাছে একটি সেতু পেরনোর সময়ে বাস পড়ে যায় খাদে। প্রায় ১০০ মিটার গড়িয়ে খাদের নিচে নদীতে এসে পড়ে বাসটি। ঘটনাস্থলেই অন্তত ৮ জনের মৃত্যুর খবর মিলেছে।
দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করেছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। নদীতে পড়লেও যাত্রীদের অনেকেই বাসের মধ্যে আটকে ছিলেন। তাঁদের একে একে বের করে নিয়ে যাওয়া হয়েছে ঋষিকেশ এইমসে। অন্তত ২৬ জন যাত্রী সেখানে চিকিৎসাধীন। যাত্রীদের কেউ নদীতে তলিয়ে গিয়েছেন কিনা সেটা আপাতত খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা। ঘটনার পর কয়েকঘণ্টা কেটে গেলেও জোরকদমে চলছে উদ্ধারকাজ। জানা গিয়েছে, যাত্রীদের মধ্যে কলকাতার কয়েকজন বাসিন্দাও রয়েছেন। তবে বাংলার মোট কতজন ওই বাসে ছিলেন সেই সংখ্যাটা স্পষ্ট করে জানানো হয়নি।
আহত যাত্রীদের অধিকাংশই ঝাড়খণ্ডের বাসিন্দা। এছাড়াও বিহার, অসম, দিল্লি, উত্তরপ্রদেশের বাসিন্দারা আহত হয়েছেন। দুর্ঘটনার কবলে পড়া বাসটিতে উত্তরাখণ্ডের কয়েকজন বাসিন্দাও ছিলেন। তবে এখনও মৃতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের পরিচয়ও মেলেনি এখনও পর্যন্ত। মর্মান্তিক ঘটনায় এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারের জন্য শোকবার্তা দেওয়ার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান