স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ৪ : দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনের দাবিতে আন্দোলনে নামা শিক্ষাবিধ সোনম ওয়াংচুকের স্কুলে তালা! জমি নিয়ে আইনি জটিলতায় লাদাখের ফিয়াংয়ে অবস্থিত সোনমের ‘ডেজার্ট ফ্লাওয়ার স্কুল’ -এর সমস্ত কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীর হাই কোর্টে বিচারাধীন ওই জমি মামলার চূড়ান্ত রায় না আসা অবধি স্কুলের যাবতীয় কাজকর্ম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন
প্রশাসনের দাবি, প্রয়োজনীয় অনুমতি, ছাড়পত্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ওই স্কুল চলছিল। এর জেরেই লেহর তহশিলদার দফতর গত ১ নভেম্বর স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়ে নোটিস পাঠায় সোনমের স্ত্রী তথা হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভসের (এইচআইএএল) সহ-প্রতিষ্ঠাতা গীতাঞ্জলী জে আংমোকে। জানা যাচ্ছে, এই বিতর্কের কেন্দ্রে রয়েছে এইচআইএএল-কে বরাদ্দ করা ১,০৭৬ কানাল (১৩৪.৫ একর) ও এক মারলা (প্রায় ২৭০ বর্গফুট) জমি। যার বরাদ্দ প্রশাসনের তরফে বাতিল করা হয়। এর পালটা হাই কোর্টের দ্বারস্থ হয় সোনমের প্রতিষ্ঠান। মামলাটি বর্তমানে বিচারাধীন।
এর প্রেক্ষিতেই নোটিস পাঠায় লাদাখ প্রশাসন। নোটিসে ২২ সেপ্টেম্বরের একটি চিঠিরও উল্লেখ রয়েছে। যেখানে গীতাঞ্জলি লেহ-র ডেপুটি কমিশনারকে চিঠি লিখে স্কুলের প্রস্তাবিত ম্যানেজিং কমিটির সদস্যদের জন্য একটি ছাড়পত্র (নো-অবজেকশন সার্টিফিকেট বা এনওসি) চেয়েছিলেন। কিন্তু, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে সেই ছাড়পত্র আসার আগেই স্কুলে ক্লাস শুরু করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে প্রশাসন জানায়, এই জমি সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় স্কুলের কার্যকলাপ শুরু করা নিয়ে প্রশ্ন রয়েছে। আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত স্কুলের কাজকর্ম নিয়ে আর কোনও পদক্ষেপ না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান ও তার প্রতিনিধিদের স্থিতাবস্থা বজায় রাখতে বলা হয়েছে। এমন কোনও কাজ করা যাবে না, যা আদালতে বিচারাধীন মামলার উপর প্রভাব ফেলতে পারে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান