স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ২ : অন্ধ্রে ফের অশনি সংকেত! অর্ণবের পর এবার ওঁত পেতে মুরাসু। বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভোর চারটে পর্যন্ত অন্ধ্র উপকূলে ল্যান্ডফল হতে পারে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশের নেল্লোরও নারসাপুরের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে মুরাসু। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ল্যান্ডফলের আগে আরও শক্তি বাড়িয়ে কার্যত দানবাকার হয়ে উঠতে পারে মুরাসু। ওড়িশা, তামিলনাড়ু, চেন্নাইয়ের উপকূলে প্রবল দুর্যোগের আশঙ্কা।
২৮ অক্টোবর অন্ধ্রের উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় অর্ণব। ৫ দিন পেরনোর আগেই নতুন করে ‘রণবাদ্যি’ বাজছে বিপর্যস্ত এলাকাজুড়ে। ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা হিসেবে অন্ধ্রপ্রদেশে কার্য কারফিউ পরিস্থিতি জারি। উদ্ধারকাজ ও ত্রাণের জন্য তামিলনাড়ু থেকে প্রতিবেশী অন্ধ্রপ্রদেশে এনডিআরএফ ৪ নম্বর ব্যাটেলিয়ানের তিনটি দল ইতিমধ্যেই পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের তরফে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করা হচ্ছে। প্রস্তুত রয়েছে দমকল ও উদ্ধারকাজে ব্যবহৃত সরঞ্জামও মজুত রাখা হয়েছে। দুর্যোগে আগাম সতর্ক থাকতে অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের নেতৃত্বে দফায় দফায় চলছে বৈঠক।
আইএমডি জানিয়েছে, পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সোমবার দুপুর থেকে দমকা হাওয়া, ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে অন্ধ্রের উপকূলবর্তী জেলাগুলিতে। ইতিমধ্যেই চেন্নাইয়ের ১১ বিমানের উড়ান বাতিল করা হয়েছে। বিশাখাপত্তনমে ইন্ডিগো বিমানের পরিষেবাও সাময়িক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজয়ওয়াড়া থেকে ১০ টি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে মুরাসুর কারণে। পাশাপাশি, চেন্নাই ও তিরুভুল্লারে স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে সরকার।
ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাবে ওড়িশা উপকূলেও প্রাকৃতিক দুর্যোগের লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী দু’দিন ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরীতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৪ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সুমদ্রে থেকে নিষেধাজ্ঞা জারি। ঘূর্ণিঝড় মুরাসুর তেমন কোনও প্রভাব পড়বে না এই বঙ্গে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান