নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): দিল্লির মঙ্গলপুরী ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় জুতো তৈরির কারখানায় আগুন লেগে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। আগুনে ঝলসে গুরুতর জখম হয়েছেন আরও দুই শ্রমিক। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ ওই কারখানায় আগুন লাগে। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনে। পরে কারখানা থেকে ছয় শ্রমিককে উদ্ধার করে সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চার জনকে মৃত ঘোষণা করেন। জখম শ্রমিকদের চিকিৎসা চলছে।
দমকল সূত্রে জানা গেছে, শুক্রবার রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ (৯:৩১–৯:৩২ মিনিট) ওই কারখানার বেসমেন্টে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন ও দিল্লি পুলিশের উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকল ও উদ্ধারকারী কর্মীরা কারখানার ভেতর থেকে সংজ্ঞাহীন অবস্থায় ছয় জনকে উদ্ধার করে নিকটবর্তী সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা চার জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সহকারী ডিভিশনাল অফিসার (এডিও) পরশ কুমার জানান, কারখানাটিতে জুতো তৈরি এবং জুতো মজুত করার কাজ চলত। প্রাথমিক তদন্তে জানা গেছে, আগুন প্রথমে কারখানার বেসমেন্টে লাগে। দমকলকর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন বেসমেন্টেই সীমাবদ্ধ রাখতে সক্ষম হন, যার ফলে আগুন ওপরের তলাগুলিতে ছড়িয়ে পড়তে পারেনি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে পুলিশ ও ফরেনসিক দল তদন্ত শুরু করেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান