Saturday, October 31, 2026
বাড়ি জাতীয় দীপাবলিতে ক্ষতির আশঙ্কা, ফের সমাবেশ পিছিয়ে দেওয়ার আর্জি ব্যবসায়ীদের

দীপাবলিতে ক্ষতির আশঙ্কা, ফের সমাবেশ পিছিয়ে দেওয়ার আর্জি ব্যবসায়ীদের

দীপাবলিতে ক্ষতির আশঙ্কা, ফের সমাবেশ পিছিয়ে দেওয়ার আর্জি ব্যবসায়ীদের

 


নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): উৎসবের মরশুমে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কায় নতুন দিল্লির রামলীলা ময়দানে ১ নভেম্বর অনুষ্ঠিত হতে চলা 'ইন্ডি' জোটের মেগা সমাবেশ স্থগিত রাখার আর্জি জানাল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিটিআই)। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পর এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সপা প্রধান অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব এবং উদ্ধব ঠাকরে-সহ জোটের একাধিক শীর্ষ নেতার কাছে সরাসরি চিঠি পাঠিয়েছেন ব্যবসায়ীরা।

চিঠিতে ব্যবসায়ীরা আবেদন জানিয়েছেন, দীপাবলির কেনাকাটার ব্যস্ততম সময়কে মাথায় রেখে এই রাজনৈতিক সমাবেশটি যেন পিছিয়ে আগামী ১০–১১ নভেম্বরের পরে কোনও সুবিধাজনক দিনে আয়োজন করা হয়। সংগঠনটির বক্তব্য, উৎসবের এই চূড়ান্ত মুহূর্তে রাজধানী দিল্লিতে বিপুল জনসমাগম হলে তীব্র যানজট তৈরি হবে এবং চরম পার্কিং সঙ্কট দেখা দেবে। সিটিআই-এর চেয়ারম্যান ব্রিজেশ গয়াল জানিয়েছেন, চাঁদনি চক, সদর বাজার, চাওড়ি বাজার, খারি বাওলি ও করোল বাগ-সহ মধ্য ও পুরান দিল্লির প্রায় ২০টি প্রধান পাইকারি ও খুচরো বাজারে উৎসবের সময়ে প্রতিদিন গড়ে ১০ হাজার থেকে ১২ হাজার কোটি টাকার কেনাকাটা চলে। সমাবেশকে কেন্দ্র করে মধ্য দিল্লির মূল সড়কগুলি অবরুদ্ধ হয়ে পড়লে বাইরের রাজ্য থেকে মালবাহী ট্রাকের প্রবেশ ও পণ্য পরিবহন সম্পূর্ণ ব্যাহত হবে। ফলে হাজার হাজার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী সরাসরি ক্ষতির মুখে পড়বেন।

ব্যবসায়ীরা স্পষ্ট করেছেন যে তাঁরা কোনও রাজনৈতিক দলের গণতান্ত্রিক প্রতিবাদের বিরোধী নন, তবে দীপাবলি ও ধনতেরাসের মতো অন্যতম প্রধান বাণিজ্যিক মরশুমে রুটিরুজির স্বার্থেই সমাবেশের দিনক্ষণ পরিবর্তন অথবা বিকল্প হিসেবে বুরারি গ্রাউন্ডের মতো খোলামেলা স্থানে সমাবেশ সরানোর প্রস্তাব রাখছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha