Monday, October 26, 2026
বাড়ি জাতীয় কংগ্রেসের রাজনৈতিক সংস্কৃতির চরম পতন হয়েছে : রাজনাথ সিং

কংগ্রেসের রাজনৈতিক সংস্কৃতির চরম পতন হয়েছে : রাজনাথ সিং

কংগ্রেসের রাজনৈতিক সংস্কৃতির চরম পতন হয়েছে : রাজনাথ সিং

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): পাটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত পিতাকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশের প্রাচীনতম রাজনৈতিক দলের সর্বভারতীয় সভাপতির মুখে এহেন মন্তব্যকে ভারতীয় রাজনীতির মর্যাদার ওপর আঘাত এবং কংগ্রেসের রাজনৈতিক সংস্কৃতির গভীর অবক্ষয় বলে মন্তব্য করেন তিনি।

সোমবার দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজনাথ সিং বলেন, "পাটনায় প্রধানমন্ত্রী মোদীর প্রয়াত পিতাকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্য অত্যন্ত দুঃখজনক, যা আমাকে গভীরভাবে স্তব্ধ ও ব্যথিত করেছে। সবচেয়ে হতাশাজনক বিষয় হলো, এই মন্তব্য কোনও সাধারণ কর্মী বা যুবনেতার মুখ থেকে আসেনি; দেশের প্রাচীনতম রাজনৈতিক দলের দাবিদার দলটির সভাপতি নিজে এই কথা বলেছেন। তাঁর এই আচরণে দেশের কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে। এরপরেও কংগ্রেস নিজেদের ভুল স্বীকার বা অনুশোচনা প্রকাশের বদলে খাড়গেজির বক্তব্যকে সমর্থন ও সঠিক প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়েছে।"

খাড়গের মতো বর্ষীয়ান রাজনীতিবিদের কাছ থেকে জনজীবনে আরও সংযম ও শালীনতা আশা করা যায় উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, খাড়গে যে সাংবিধানিক ও রাজনৈতিক পদে রয়েছেন, তাতে তাঁর কাছ থেকে আরও দায়িত্বশীল ও সংযত আচরণ প্রত্যাশিত। যদি একটি জাতীয় দলের সভাপতি নিজেই এই ধরনের ভাষা প্রয়োগ করেন, তবে তা কেবল তাঁর পদের মর্যাদাকেই ক্ষুণ্ণ করে না, কংগ্রেসের সার্বিক রাজনৈতিক সংস্কৃতি নিয়েও গুরুতর প্রশ্ন তোলে।

কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধিতা স্বাভাবিক, কিন্তু ব্যক্তিগত আক্রমণের এই রূপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, অতীতে কিছু কংগ্রেস নেতা প্রধানমন্ত্রীর সাধারণ পারিবারিক পটভূমি নিয়ে ব্যঙ্গ করেছেন, এমনকি তাঁর শ্রদ্ধেয় মাতাকে নিয়েও অশালীন মন্তব্য করা হয়েছে। এখন সেই নিম্নমানের রাজনীতি কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বে পৌঁছে গেছে এবং তাদের রাজনৈতিক মানদণ্ডের পতন প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে। মতাদর্শগত বিরোধকে ব্যক্তিগত অপমানে রূপান্তর করা, রাজনৈতিক মতভেদকে কটু ভাষায় টেনে নামানো এবং প্রধানমন্ত্রীর পরিবারকে নিশানা করা আসলে কংগ্রেসের গভীর হতাশার প্রকাশ।

 

 




Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha