Sunday, October 18, 2026
বাড়ি জাতীয় বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত অন্তত ১৩

বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত অন্তত ১৩

বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত অন্তত ১৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক ১৮ অক্টোবর : ফের দুঃসংবাদ। উৎসবের মধ্যেই শীতলা মন্দিরে পুজো দিতে গিয়ে বেঘোরে প্রাণ গেল অন্তত ১৩ জনের। আরও বেশ কয়েকজন গুরুতর অসুস্থ। ভয়ংকর দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে।


জানা গিয়েছে, নবরাত্রী উপলক্ষে শনিবার রাত থেকেই গোয়ালিয়রের শীতলা মাতা মন্দিরে পুজো দিতে জড়ো হয়েছিলেন বহু মানুষ। আচমকা ভোররাতে একটি ধানবোঝাই ট্রাক মন্দিরের কাছে চলে আসে। নিয়ন্ত্রণহীন বেপরোয়া ওই ট্রাকটি একে একে পিষে দেয় পুণ্যার্থীদের। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৩ জন পুণ্যার্থীর। আহত প্রায় ৪০ জন। তাঁদের মধ্যে পাঁচ থেকে ছ’জনের অবস্থা আশঙ্কাজনক। ট্রাকের ধাক্কায় পুলিশ চেকপোস্ট, মন্দিরের দরজা ও বাইরের দেওয়ালের একাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।


পুলিশ সূত্রের খবর, শনিবার রাতে গোয়ালিয়র শহরে ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। তারপরও কীভাবে ট্রাকটি মন্দিরের রাস্তায় ঢুকল, তা খতিয়ে দেখছে পুলিশ। গোয়ালিয়র পুলিশের এসএসপি ধর্মবীর সিং জানিয়েছেন, শনিবার রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ছিনোরের দিক থেকে ধান বোঝাই ট্রাকটি আসছিল। একটি ঢালু রাস্তায় গিয়ে সেটি নিয়ন্ত্রণ হারায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জেলাশাসক রুচিকা চৌহান জানিয়েছেন, ঘটনার পরই তৎপরতার সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


কিন্তু এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে। নবরাত্রি উপলক্ষে ওই এলাকায় ব্যারিকেড ও পুলিশের চেকপোস্ট বসানো হয়েছিল। তা সত্ত্বেও কী করে ট্রাকটি নিষেধাজ্ঞা থাকা এলাকায় ঢুকে পড়ল এ প্রশ্নের সদুত্তর এখনও দিতে পারেনি পুলিশ। এখনও ঘটনার তদন্ত চলছে বলে দাবি করেছে পুলিশ। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি। শোকপ্রকাশ করেও অব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha