স্যন্দন ডিজিটাল ডেস্ক ১৬ অক্টোবর : সরকারি নিষেধাজ্ঞার মধ্যেই শুক্রবার বিকেলে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আশঙ্কা করেছিলেন বিক্ষোভ আটকাতে তাঁকে আটক করা হতে পারে। এর মধ্যেই জানা গিয়েছিল, দীপকের বাড়িতে হানা দিয়েছে দিল্লি পুলিশ। প্রাথমিকভাবে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচিতে তাঁকে যোগ দিতে বারণ করে নোটিস ধরানো হয়। পরে দীপকেকে আটক করা হয়েছে বলেই খবর।
বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গিয়েছে অভিজিৎ দীপকের বাড়িতে পুলিশ ঘোরাফেরা করছে। একজন মহিলা পুলিশকর্মীকেও দেখা গিয়েছে। একটি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে, হলুদ রঙের সোফায় বসে আছেন সিজেপি প্রতিষ্ঠাতা। তাঁর কাঁধে একটি জাতীয় পতাকা। দীপকে সরাসরি পুলিশকে প্রশ্ন করেন, ‘আমার নামে কোন অভিযোগ দায়ের করেছেন?’ উলটো দিকে বসা পুলিশকর্মীর হাতে একগুচ্ছ কাগজ দেখা গিয়েছে। জানা গিয়েছে, দীপকেকে দেওয়া নোটিস ধরানো হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগের মধ্যে একটি— “আপনি (দীপকে) সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষকে উসকানি দিচ্ছেন, যা বেআইনি।” ভিডিওতে দেখা গিয়েছে দীপকে পালটা বলছেন, “এগুলি কী ধরনের আজব অভিযোগ? এটা কোনও নোটিস হতে পারে? আপনারা যা ইচ্ছে লিখে এনে হাজির করছেন।” সিজেপি প্রতিষ্ঠাতাকে বলতে শোনা গিয়েছে, “এসব না করে আপনারা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন।” পুলিশকর্মী অবশ্য সরাসরি এই কথার উত্তর দেননি। শেষ পর্যন্ত দীপকে-কে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, দলের দুই নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে জেলবন্দি করার প্রতিবাদে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি। সেই উপলক্ষে আবারও দিল্লিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। এতদিন পর্যন্ত দিল্লিজুড়ে মোতায়েন ছিল ২৬ হাজার বাহিনী। শুক্রবার ককরোচ জনতা পার্টির কর্মসূচি উপলক্ষে আরও ৬ হাজার বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। এহেন পরিস্থিতিতে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সকালে জানিয়েছিলেন, তাঁর গতিবিধির উপর নজর রাখছেন গোয়েন্দারা। তাঁকেও পাঠানো হতে পারে জেলে। তা না হলেও পুলিশ পাঠিয়ে নোটিস ধরানো হল তাঁকে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান