Friday, October 16, 2026
বাড়ি জাতীয় জ্ঞানেশ বিরোধী বিক্ষোভে যোগ দিল বিজয়ের দল

জ্ঞানেশ বিরোধী বিক্ষোভে যোগ দিল বিজয়ের দল

জ্ঞানেশ বিরোধী বিক্ষোভে যোগ দিল বিজয়ের দল

স্যন্দন ডিজিটাল ডেস্ক ১৬ অক্টোবর :  জল্পনা বেশ কিছুদিন ধরেই ছিল। এবার সরকারিভাবে ইন্ডি জোটে শামিল হয়ে গেল থলপতি বিজয়ের দল টিভিকে। বৃহস্পতিবার ‘গণতন্ত্র রক্ষা’র দাবিতে চেন্নাইতে একটি মেগা প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছিল কংগ্রেস-সহ ইন্ডি জোটের শরিকরা। জ্ঞানেশ বিরোধী সেই বিক্ষোভে শামিল হল থলপতি বিজয়ের দল টিভিকে-ও। এই প্রথম ইন্ডি জোটের কোনও কর্মসূচিতে শামিল হল টিভিকে।


তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্যের পর থলপতি বিজয়ের ইন্ডিয়া জোটে যোগ নিয়ে বিস্তর জল্পনা ছড়িয়েছে। এমনকী, ইন্ডিয়া জোটের যে সর্বশেষ বৈঠক দিল্লিতে হয়েছিল, তাতে বিজয়ের দলকে আমন্ত্রণ জানানোর প্রস্তাব এসেছিল। যদিও শেষমেশ সেটা হয়নি। পরে আলাদা করে তামিলনাড়ুতে টিভিকের সঙ্গে আলোচনায় বসেছিলেন কংগ্রেস নেতারা। তারপরই টিভিকে জ্ঞানেশ বিরোধী বিক্ষোভে শামিল হওয়ার সিদ্ধান্ত নিল।

টিভিকে নেতা তথা তামিলনাড়ুর স্কুল শিক্ষামন্ত্রী এ রাজমোহন ইন্ডি জোটের শরিকদের মতোই এসআইআর বিরোধী অবস্থান নিয়েছেন। তিনি ঘোষণা করে দিয়েছেন, এসআইআর সহজাতভাবেই অগণতান্ত্রিক এবং আম্বেদকরের প্রতিষ্ঠিত সমতার নীতির পরিপন্থী ও ক্ষতিকর। তিনি মনে করান, টিভিকে-ও সুপ্রিম কোর্টে এসআইআর বিরোধী অবস্থান নিয়েছে। কিন্তু এখানেই প্রশ্ন, যে টিভিকে জ্ঞানেশ বিরোধী বিক্ষোভে শামিল হচ্ছে, তাঁরাই সদ্য তামিলনাড়ুতে জ্ঞানেশ কুমারের কমিশনের তত্ত্ববধানে হওয়া নির্বাচনে জিতে এসেছে। সেই নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার অর্থ নিজেদের সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন তোলা নয় কি?


জাতীয় রাজনীতির বর্তমান প্রেক্ষিতে বিজয়ের ইন্ডি জোটে যোগদান অবশ্য বেশ তাৎপর্যপূর্ণ। কারণ বিজয় সরাসরি ইন্ডি জোটে যোগ দেওয়ার অর্থ দক্ষিণ ভারতের রাজনীতিতে বা সার্বিকভাবে গোটা দেশের রাজনীতিতে বিরোধীদের শক্তিশালী হওয়া। কারণ তামিলনাড়ুর প্রভাব পেরিয়ে গোটা দেশের রাজনীতিতেই প্রভাব রয়েছে থলপতির। তাছাড়া সদ্য এক সমীক্ষায় দেখা গিয়েছে বিজয় প্রধানমন্ত্রীর মুখ হিসাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন। ফলে বিজয়ের যোগদানকে গুরুত্ব দিয়েই দেখছে রাজনৈতিক মহল।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha