Monday, October 12, 2026
বাড়ি জাতীয় দেশবিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস : শিবরাজ সিং চৌহান

দেশবিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস : শিবরাজ সিং চৌহান

দেশবিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস : শিবরাজ সিং চৌহান


নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে কালিমালিপ্ত করা এবং মিথ্যার আশ্রয় নিয়ে দেশে নৈরাজ্য ছড়ানোর অভিযোগে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। সোমবার নতুন দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, কংগ্রেস গণতান্ত্রিক পথে জনসমর্থন না পেয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় ফেরার মরিয়া চেষ্টা চালাচ্ছে।

শিবরাজ সিং চৌহান বলেন, "কংগ্রেস এখন সেই সমস্ত শক্তির সঙ্গে হাত মিলিয়েছে যারা দেশকে টুকরো করতে চায়। আদালতের রায় নিজেদের বিপক্ষে গেলে তারা বিচারব্যবস্থার ওপর আঘাত হানে; নির্বাচনে হারলে নির্বাচন কমিশনকে আক্রমণ করে; আর যখন দেশের সেনাবাহিনী জঙ্গিদের দমন করে, তখন তারা নিরাপত্তা বাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। ধারাবাহিকভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে কালিমালিপ্ত করে রাজপথে নৈরাজ্য ও দাঙ্গা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে কংগ্রেস।"


বিরোধী জোটের আন্দোলনকে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, "কংগ্রেস ও ইন্ডি জোট এখন পুরোপুরি বিদেশি শক্তির হাতের পুতুলে পরিণত হয়েছে। নিছক ক্ষমতার লোভে তারা বামপন্থী, ককরোচ এবং জর্জ সোরোসের মতো বিদেশি শক্তির মদতপুষ্ট এনজিও-র শরণাপন্ন হচ্ছে।"


কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান আরও বলেছেন, "দীর্ঘদিন ধরেই দেশের প্রধান রাজ্যগুলি থেকে কংগ্রেসের অস্তিত্ব প্রায় মুছে গেছে। তামিলনাড়ুতে তারা প্রায় ৫৯ বছর, পশ্চিমবঙ্গে ৪৯ বছর, সিকিমে ৪২ বছর, উত্তর প্রদেশে ৩৭ বছর এবং বিহারে ৩৬ বছর ধরে ক্ষমতার বাইরে রয়েছে। তিন-চারটি রাজ্য ছাড়া বাকি সব রাজ্যেই কংগ্রেস এখন কেবল একটি 'জুনিয়র পার্টনার' বা ছোট শরিক দলের ভূমিকায় নেমে এসেছে। তামিলনাড়ুতে তারা ডিএমকে-র ওপর ভর করে টিকে ছিল— আর এখন সেই সমর্থনও হাতছাড়া হতে চলেছে। বিহারে তারা টিকে ছিল দুর্নীতিগ্রস্ত আরজেডি-র সহায়তায়। উত্তর প্রদেশে তারা এসপি ও বিএসপি-র মধ্যে দোদুল্যমান অবস্থায় থাকে। কেবল ক্ষমতা আঁকড়ে রাখার স্বার্থেই কংগ্রেস এখন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর আক্রমণ চালাচ্ছে।"

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha