স্যন্দন ডিজিটাল ডেস্ক ১১ অক্টোবর : ফের বড়সড় হামলার ছক বানচাল জম্মু ও কাশ্মীরে! ভয়ংকর সন্ত্রাসী হামলা চালাতে উপত্যকায় অস্ত্র মজুত করছিল জঙ্গিরা। সম্প্রতি কাশ্মীরের বোমাই থানার অন্তর্গত মুকাম চেরহারের এক জঙ্গলে অভিযান চালিয়ে গুহার মধ্যে বিরাট অস্ত্র ভাণ্ডারের সন্ধান পেল পুলিশ। উদ্ধার হয়েছে, অত্যাধুনিক রাইফেলের পাশাপাশি প্রচুর গোলা-বারুদ, গ্রেনেড, আইইডি-সহ অন্যান্য মারণাস্ত্র।
সোপোর পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে বিরাট পুলিশ বাহিনী ওই জঙ্গলে এক গুহায় প্রবেশ করে। সেখানে এক বড় পাথরের নিচে একটি নীল রঙের ব্যারেল ও ব্যাগ উদ্ধার করা হয়। সেগুলিতে বিস্ফোরক থাকতে পারে অনুমান করে ডাকা হয় বম্ব স্কোয়াডকে। এই অভিযানে ৭টি ম্যাগাজিন, গুলি-সহ দুটি অ্যাসল্ট রাইফেল (একটি একে-৪৭, অন্যটি একে-৭৬), এছাড়া ৪টি ম্যাগাজিন ও গুলি-সহ ৪টি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি মাল্টি গ্রেনেড লঞ্চার, ১১টি হ্যান্ড গ্রেনেড, ৩টি রিমোট কন্ট্রোলড আইইডি, ৮টি ডেটোনেটর এবং দুটি টাইমার উদ্ধার হয়েছে। এর পাশাপাশি ওয়াই-এসএমএস সেট, প্রিমা কর্ড, তার, ব্যাটারি সেল, আইইডি-সম্পর্কিত যন্ত্রাংশ এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
এই অভিযান ও বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনাকে বড় সাফল্য হিসেবে দেখছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, উপত্যকায় বড় হামলার ছক ছিল জঙ্গিদের। কে বা কারা এই অস্ত্র রেখে গিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় একাধিক ধারায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এইসব অস্ত্র কোথা থেকে এখানে এসেছে তা খতিয়ে দেখছি। এমনকী কারা এই অস্ত্রের ভাণ্ডার লুকোতে সাহায্য করেছিল তাদের খুঁজে দেখা হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান