স্যন্দন ডিজিটাল ডেস্ক ৭ অক্টোবর : তাঁর ইস্তফার দাবিতে পথে বিরোধীরা। একদিন আগেই দিল্লিতে দিনভর ধরনা দিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবারও দেশজুড়ে রাস্তায় নেমেছেন কংগ্রেস কর্মীরা। এরই মধ্যে আরও একটি রাজ্য সফর বাতিল করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বুধবার থেকে দু’দিনের ছত্তিশগড় সফরে যাওয়ার কথা ছিল মুখ্য নির্বাচন কমিশনারের। সেই কর্মসূচি স্থগিত করল কমিশন।
জানা গিয়েছে, ৭ ও ৮ অক্টোবর দু’দিন ছত্তিশগড়ে একাধিক কর্মসূচি ছিল মুখ্য নির্বাচন কমিশনার সহ কমিশনের ফুল বেঞ্চের। কিন্তু সেই কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে। কমিশনের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, অনিবার্য কারণ বশত ওই সফর পিছিয়ে দেওয়া হয়েছে। তবে কমিশন নতুন দিনক্ষণ স্থির করে ওই সফরের সূচি ঘোষণা করবে। কমিশন জানিয়েছে, রাজ্য সরকারের অতিথি হিসাবে ছত্তিশগড় যাওয়ার কথা ছিল জ্ঞানেশের। তবে সেটা আপাতত হচ্ছে না।
এর আগে ঠিক একইভাবে উত্তরপ্রদেশের কর্মসূচি বাতিল করেন মুখ্য নির্বাচন কমিশনার। গত মাসের শেষে উত্তরপ্রদেশে সফরে যাওয়ার কথা ছিল জ্ঞানেশ কুমারের। মীরাট ও বারাণসীতে একাধিক কর্মসূচি ছিল তাঁর। তাতে ছাত্রছাত্রীদের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু সেই সফরও স্থগিত করা হয়। পর পর যেভাবে রাজ্য সফর বাতিল করছেন মুখ্য নির্বাচন কমিশনার, তাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি এখনই জনসমক্ষে আসতে চাইছেন না জ্ঞানেশ? নাকি কমিশনের অন্দরে বড় কোনও পরিকল্পনা চলছে?
এদিকে জ্ঞানেশের ইস্তফার দাবিতে মঙ্গলবারের পর বুধবারও পথে নেমেছে ইন্ডিয়া জোট। এদিন রাজ্যে রাজ্যে রাস্তায় কংগ্রেস কর্মীরা। অন্যদিকে দিল্লিতে আগামীদিনের রণকৌশল ঠিক করতে মধ্যাহ্নভোজনের আয়োজন করেছিল ইন্ডি জোট। তাৎপর্যপূর্ণভাবে জোটের বাইরে থাকা আপ এবং বিজেডিও তাতে শামিল ছিল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান