স্যন্দন ডিজিটাল ডেস্ক ৩ অক্টোবর : অন্ধ্রপ্রদেশের বেসরকারি ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! বয়লার বিস্ফোরণে মৃত ৫ শ্রমিক। আহত ১০ জন। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে মন্ত্রীদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রের তিরুপতি জেলার শ্রী সিটিতে রয়েছে টিআইএল হেলথকেয়ার ওষুধ প্রস্তুতকারী সংস্থার কারখানা। শনিবার সকালে সেখানেই বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। কারখানা থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। ভেঙে পড়ে নির্মাণ। তার নিচে চাপা পড়েন শ্রমিকরা। ঘটনার পরই খবর দেওয়া হয় পুলিশে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছ উদ্ধারকারী দল ও প্রশাসনের আধিকারিকরা। গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ১০ জন সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন।
তিরুপতির সাংসদ মাদ্দিলা গুরুমূর্তি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। নিহত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। উদ্ধারকার্য দ্রুত শেষ করারও নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, আহতদের চিকিৎসার সমস্ত খরচ বহন করবে রাজ্য। উন্নতমানের চিকিৎসা দেওয়া হবে। মৃতদের পরিবারকে সব রকম সহযোগিতা করা হবে বলে সরকারের শীর্ষ মহল থেকে আশ্বাস দেওয়া হয়েছে। কী করে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। ঘটনার উদ্ধারকার্য শেষ হলেই তদন্ত শুরু হবে। তবে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান