Saturday, October 3, 2026
বাড়ি জাতীয় শিবাজি পার্কে বিক্ষোভ, অভিজিৎ দীপকেসহ ৫০০ জনের বিরুদ্ধে মামলা

শিবাজি পার্কে বিক্ষোভ, অভিজিৎ দীপকেসহ ৫০০ জনের বিরুদ্ধে মামলা

শিবাজি পার্কে বিক্ষোভ, অভিজিৎ দীপকেসহ ৫০০ জনের বিরুদ্ধে মামলা

মুম্বই, ৩ অক্টোবর (হি.স.): মুম্বইয়ের ছত্রপতি শিবাজি পার্কে বিনা অনুমতিতে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ প্রায় ৫০০ জন বিক্ষোভকারীর বিরুদ্ধে শনিবার মামলা দায়ের করেছে পুলিশ। প্রকাশ্য রাস্তায় সভা করা, ভিড় জড়ো করা, স্লোগান দেওয়া এবং লাউডস্পিকার ব্যবহারের অভিযোগে এই পদক্ষেপ করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

ঘটনার তদন্তকারী এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ২ অক্টোবর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিবাজি পার্ক এলাকায় সিজেপির তরফে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বিক্ষোভে যোগ দিতে দেশজুড়ে যুবক-যুবতীরা এসেছিলেন বলে দাবি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই বিক্ষোভের বিরোধিতা করেছিলেন। তা সত্ত্বেও সিজেপির তরফে সেখানে বিক্ষোভ করা হয়। বিক্ষোভ চলাকালীন দীপকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে নিশানা করে বক্তব্য রাখেন।

স্থানীয় বাসিন্দাদের বিরোধিতা নিয়ে দীপকে দাবি করেছিলেন, বিক্ষোভের বিরোধিতা করা ব্যক্তিরা স্থানীয় বাসিন্দা নন, বরং বিজেপির পদাধিকারী। এই কারণেই এই পদক্ষেপ করা হয়েছে। এই ঘটনায় অভিজিৎ দীপকে ছাড়াও অজিঙ্ক্য শিন্দে, প্রণয় আহিরে, আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস, আফরিন নওয়াজ, সৌম্যা কোর্ডে, অঙ্কিত ভরদ্বাজ, বিজয় মালগি এবং যোগেশ ইংলেসহ অন্যান্য বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ভারতীয় দণ্ডবিধির ধারা ১৮৯(২), ২২৩ এবং মহারাষ্ট্র পুলিশ আইনের ধারা ৩৭(১), ৩৭(৩) ও ১৩৫-এর অধীনে পদক্ষেপ করেছে। সরকারের তরফে শিবাজি পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এর আগে আইনজীবী সিদ্ধি দেবলেকরও দীপকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে বলা হয়, বিনা অনুমতিতে বিক্ষোভের কারণে এলাকার নাগরিকদের সমস্যায় পড়তে হয়েছে এবং শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হয়েছে। দেবলেকর ২০১৩ সালে বম্বে হাইকোর্টের একটি রায়ের উল্লেখ করে শিবাজি পার্কে বিক্ষোভ প্রদর্শন নিয়ে আপত্তি জানিয়েছিলেন। এই ঘটনার বিস্তারিত তদন্ত শিবাজি পার্ক থানার একটি দল করছে।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha