Monday, September 28, 2026
বাড়ি জাতীয় বিচারব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রবীণ আইনজীবী দুষ্মন্ত দাভে

বিচারব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রবীণ আইনজীবী দুষ্মন্ত দাভে

বিচারব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রবীণ আইনজীবী দুষ্মন্ত দাভে

স্যন্দন ডিজিটেল ডেস্ক, সেপ্টেম্বর ২৮ :  দেশের বিচারব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী দুষ্মন্ত দাভে। রবিবার ১৭ তম কে এম বশির স্মৃতি বক্তৃতায় তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্টে বহু বিচারপতি আছেন যাঁরা অসাধারণ। বহু সৎ, নির্ভীক এবং অসাধারণ বিচারপতি দেশের বিচারব্যবস্থাকে সমৃদ্ধ করেছেন। কিন্তু বহু দুর্নীতিগ্রস্ত বিচারপতিও আছেন। তাঁরা বিচারব্যবস্থার ক্ষতি করে চলেছেন। বিচারব্যবস্থা ধনী ও প্রভাবশালীদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে।


বক্তব্য রাখতে গিয়ে নিজের দীর্ঘ ৪৮ বছরের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এই আইনজীবী। তিনি বিচারব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। দাভে বলেন, “আমি ৪৮ বছর ধরে আইন পেশার সঙ্গে যুক্ত। এই ব্যবস্থায় অসাধারণ কয়েক জন বিচারপতি রয়েছেন। কিন্তু সুপ্রিম কোর্টে বহু দুর্নীতিগ্রস্ত বিচারপতিও আছেন। হাতে গুনে শেষ করতে পারব না। এঁরা বিচারব্যবস্থার বড় ক্ষতি করেছেন।”


তিনি অভিযোগ করেন যে, দেশের বিচারব্যবস্থা এখন ধনী এবং ক্ষমতাশালীদের পক্ষে ঝুঁকে গিয়েছে। বড় বড় শিল্পপতি ও কর্পোরেট সংস্থাগুলো খুব সহজেই নিজেদের পক্ষে রায় পেয়ে যাচ্ছে। এটা কী করে সম্ভব, তা নিয়েও প্রশ্ন তুলেছেন দাভে। তাঁর মতে, সুপ্রিম কোর্ট ও উচ্চ আদালতগুলো সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় এবং বিচারব্যবস্থার স্বাধীনতা বজায় রাখতে ক্রমশ ব্যর্থ হচ্ছে। এসআইআরের মাধ্যমে সুকৌশলে ভোটাধিকার কেড়ে নিয়েছে সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন, এমন বিস্ফোরক দাবিও করেছেন তিনি। 


আদালতে মহিলাদের প্রতিনিধিত্ব এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের অন্তর্ভুক্তির অভাব নিয়ে সমালোচনা করেন। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে সুপ্রিম কোর্টে ১৭ জন বিচারপতি নিয়োগ করা হলেও তাঁদের মধ্যে কোনও মহিলা ছিলেন না। দেশের গণতন্ত্রের স্তম্ভ হিসেবে গণমাধ্যমও সাধারণ মানুষের অধিকার সুরক্ষায় তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha