ভাদোদরা, ২৩ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দৃঢ় আস্থা প্রকাশ করেছেন, তরুণদের প্রচেষ্টায় ২০৪৭ সালের আগেই ভারত একটি বিকশিত রাষ্ট্রে পরিণত হবে। বুধবার গুজরাটের ভাদোদরায় মহারাজা সয়াজিরাও ইউনিভার্সিটি অফ বরোদার ৭৫-তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, শিক্ষা তখনই সার্থক হয় যখন তা দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানো হয়।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, বর্তমানে প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তিগত রূপান্তর ঘটছে। তিনি আরও বলেন, বর্তমানের অনেক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুমুখী বা বহু-বিভাগীয় দৃষ্টিভঙ্গিই হলো সমাধান। এছাড়া, শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের বিষয়টিও তিনি প্রশংসা করেন।
সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু ১২,৬০০-এরও বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করেন এবং ১৬০ জন শিক্ষার্থীকে মোট ২০১টি স্বর্ণপদক দিয়ে সম্মানিত করেন। ডিগ্রিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান রাজ্যপাল আচার্য দেবব্রতও।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান