নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): মহাকাশে আন্তর্জাতিক তৎপরতা ও ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা বৃদ্ধির মধ্যে গোটা বিশ্বকে একতা, স্থায়িত্ব এবং বৈশ্বিক অংশগ্রহণের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্যারিসে আয়োজিত প্রথম আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখার সময় তিনি উল্লেখ করেন, বর্তমান যুগে মহাকাশের কক্ষপথগুলি ক্রমেই ভিড়ে ঠাসা হয়ে উঠছে এবং প্রযুক্তি দ্রুত শক্তিশালী হচ্ছে। এই অবস্থায় বিশ্বকে বিচ্ছিন্নতার বদলে আন্তর্জাতিক সহযোগিতা, স্বল্পমেয়াদি লাভের বদলে স্থায়িত্ব এবং কাউকে বাদ দেওয়ার পরিবর্তে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার পথ বেছে নিতে হবে।
প্যারিসের এই গুরুত্বপূর্ণ মঞ্চে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, ভারত সর্বদাই নিরাপদ, সুরক্ষিত, শান্তিপূর্ণ ও দীর্ঘমেয়াদি মহাকাশ ব্যবস্থার সপক্ষে। এই সার্বিক কাঠামো আন্তর্জাতিক আইন, যৌথ আলোচনা ও বহুপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠা উচিত।
ভারতের নিজস্ব রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মহাকাশ সম্পর্কিত ভারতের দৃষ্টিভঙ্গি 'বসুধৈব কুটুম্বকম' অর্থাৎ 'এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ'-এর মহান ভাবনায় অনুপ্রাণিত। এই চেতনাকে কেবল পৃথিবীর সীমানায় আটকে না রেখে মহাকাশ গবেষণাতেও প্রয়োগ করা জরুরি। মহাকাশ প্রযুক্তি আজ কেবল মানুষের কল্পনাশক্তিকে উদ্দীপিত করছে না, বরং জলবায়ু পর্যবেক্ষণ, শস্য উৎপাদন, সমুদ্র সুরক্ষা এবং দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত তথ্য সরবরাহ করে সরাসরি মানবজীবনের সুরক্ষায় কাজ করছে।
ভারতের ভবিষ্যৎ পদক্ষেপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, ২০৩৫ সালের মধ্যে ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন স্থাপন এবং ২০৪০ সালের মধ্যে চাঁদের মাটিতে ভারতীয় পাঠানোর সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দেশ এগিয়ে চলেছে। পাশাপাশি, ইসরোর অভাবনীয় সাফল্যের প্রশংসা করে তিনি জানান, সাশ্রয়ী ও বৈশ্বিক মানের মহাকাশ অভিযানের জন্য ভারত আজ আন্তর্জাতিক মহলে স্বীকৃত। এযাবৎকাল ৩৪টি দেশের ৪৩০টিরও বেশি কৃত্রিম উপগ্রহ সফলভাবে মহাকাশে পাঠিয়েছে ভারতীয় রকেট।
চন্দ্রযান-৩-এর মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম রাষ্ট্র হিসেবে ভারতের বিশ্বজয়ের ইতিহাস এবং সূর্য অনুসন্ধানে আদিত্য-এল১-এর ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। এর পাশাপাশি দেশে বেসরকারি মহাকাশ খাতের দ্রুত প্রসারের ওপর গুরুত্ব আরোপ করে ফ্রান্সসহ বিশ্বের অন্যান্য বন্ধু রাষ্ট্রগুলিকে ভারতের পরবর্তী মহাকাশযাত্রায় যৌথ অংশীদার হওয়ার সাদর আহ্বান জানান প্রধানমন্ত্রী।
মহাকাশ গবেষণায় স্বল্পমেয়াদি মুনাফা নয়, বিশ্বজোড়া সহযোগিতা ও স্থায়িত্বই আসল চাবিকাঠি: আন্তর্জাতিক সম্মেলনে বার্তা মোদীর
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান