নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’ চালাবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বুধবার দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন জানান, মোদীর জনসেবা, সুশাসন ও রাষ্ট্রনির্মাণের ২৫ বছরের যাত্রা সাধারণ মানুষের কাছে তুলে ধরাই এই অভিযানের মূল উদ্দেশ্য।
দলের সদর দফতরে সাংবাদিক বৈঠকে ‘সেবা সংকল্প অভিযান’ সম্পর্কে নিতিন নবীন জানান, ২০২৬ সালের ৭ অক্টোবর প্রধানমন্ত্রীর জনজীবনের ২৫ বছর পূর্ণ হবে। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। সেই সময় থেকে আজ পর্যন্ত ‘জনসেবা থেকে রাষ্ট্রসেবা’র সংকল্প নিয়ে তিনি নিরন্তর দেশের সেবা করে চলেছেন।
তিনি বলেন, এক সাধারণ কর্মী থেকে দেশের ‘প্রধানসেবক’ হয়ে ওঠার যাত্রাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথচলা। তাঁর স্পষ্ট দৃষ্টিভঙ্গি, দৃঢ় সংকল্প এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ভাবনা ভারতকে নতুন দিশা দিয়েছে। তাঁর নেতৃত্বে ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতিগুলির অন্যতম এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের মর্যাদা ক্রমাগত বেড়েছে।
বিজেপি সভাপতি বলেন, প্রধানমন্ত্রী দেশের যুবসমাজের মধ্যে নতুন আশার সঞ্চার করেছেন। ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেমে পরিণত হয়েছে। সেখানে যুবকেরা শুধু চাকরিপ্রার্থী নন, কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবেও উঠে আসছেন। অন্যদিকে, ‘খেলো ইন্ডিয়া’ ও ‘ফিট ইন্ডিয়া’র মতো অভিযান যুবসমাজকে নতুন শক্তি দিয়েছে।
তিনি বলেন, মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে ‘বেটি বচাও, বেটি পড়াও’ থেকে ‘লাখপতি দিদি’ এবং ‘নারী শক্তি বন্দন আইন’-এর মতো বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী গ্রামগুলিকে ‘ভারতের প্রথম গ্রাম’ হিসেবে চিহ্নিত করে তাদের উন্নয়ন ও সম্মানের ক্ষেত্রে নতুন পরিচয় দেওয়া হয়েছে। রাম মন্দির, কাশী বিশ্বনাথ করিডর-সহ দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ ও উন্নয়নেও নতুন গতি এসেছে।
নিতিন নবীন জানান, ‘সেবা সংকল্প অভিযান’-এর সময় দেশজুড়ে রক্তদান শিবির, স্বচ্ছতা অভিযান এবং বিভিন্ন ধরনের সেবামূলক কর্মসূচি আয়োজন করা হবে। বিজেপি কর্মীরা জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রীর জনসেবা ও আত্মনিবেদনের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ করবেন।
তিনি জানান, আগামী ৭ অক্টোবর থেকে ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ বের হবে। বারাণসী থেকে বডনগর পর্যন্ত এই সেবা যাত্রা অনুষ্ঠিত হবে। ‘সেবা সংকল্প অভিযান’ চলবে ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত। ১৭ সেপ্টেম্বর রক্তদান শিবির আয়োজন করা হবে এবং ওই দিন সন্ধ্যা ৭টায় ‘সেবা দিয়া’ জ্বালানো হবে।
‘সেবা সংকল্প অভিযান’-এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ২৫ বছরের জনসেবার যাত্রা মানুষের কাছে পৌঁছে দেবে বিজেপি
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান