রাঁচি, ৯ আগস্ট (হি.স.): পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে ঝাড়খণ্ডের রাঁচিতে পড়ুয়াদের আন্দোলন অব্যাহত। আন্দোলনরত শিক্ষার্থী ও রাজ্য সরকারের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকেও কাটেনি জট। রবিবার সকালেও রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে জেপিএসসি ও জেএসএসসি-র পরীক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। উম্মে হানি নামে আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, "সরকার যদি আমাদের দাবি মেনে না নেয়, তবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কারণ আমরা এই ব্যবস্থায় সংস্কার চাই। আমরা কেবল নিজেদের জন্য লড়াই করছি না। এটি আগামী প্রজন্মের জন্য একটি লড়াই।"
এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় শেঠ এবং ঝাড়খণ্ড বিজেপির সভাপতি আদিত্য সাহু এদিন সকালে জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন। পরে কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় শেঠ বলেছেন, "রাজ্য সরকারের যদি ন্যূনতম নৈতিকতা থাকত, তবে মুখ্যমন্ত্রীর উচিত ছিল একেবারে প্রথম দিনেই এখানে এসে সিবিআই তদন্তের বিষয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া। সিবিআই তদন্তে আপত্তি কিসের? আমি রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ জানাচ্ছি—তাঁর মধ্যে যদি বিন্দুমাত্র নৈতিকতা থাকে, তবে তিনি যেন রাঁচিতে আসেন। কিন্তু তিনি তা করবেন না, কারণ তাঁর দ্বিমুখী আচরণ।"
এদিকে, ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারি মোর্চার বিধায়ক জয়রাম মাহতো রবিবার সকালে পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদকারী ছাত্রদের সমর্থনে একদিনের অনশন পালন করছেন। তিনি বলেন, “আমাদের ধারণা, দোষী কারা তা সরকার ভালোভাবেই জানে। এটি কোনও সাধারণ বিষয় নয়। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আসন বিক্রি হচ্ছে; আর কোনও সাধারণ কর্মকর্তা বা সাধারণ ব্যক্তির পক্ষে একা এত বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা সম্ভব নয়। এর সঙ্গে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত এবং আশঙ্কা রয়েছে, শেষ পর্যন্ত হয়তো পর্দার আড়াল থেকে তাদের নাম বেরিয়ে আসবে। সিবিআই তদন্ত হওয়া প্রয়োজন।"
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান