নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন বুধবার বলেছেন, দুর্নীতি দমন শাখার (এসিবি) হাতে তাঁর গ্রেফতারের বিষয়টি আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনের সঙ্গে যুক্ত এবং তিনি একে 'রাজনীতি' বলে অভিহিত করেছেন। দিল্লি জল বোর্ডের (ডিজেবি) সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় দুর্নীতির মামলায় এসিবি যে ৬ জনকে গ্রেফতার করেছে, তাঁদের মধ্যে জৈন এবং ডিজেবি-র প্রাক্তন সিইও উদিত প্রকাশ রাইও রয়েছেন। বুধবার রাউস এভিনিউ আদালতে নিয়ে যাওয়ার সময় সত্যেন্দ্র জৈন বলেন, "পাঞ্জাব নির্বাচন আসন্ন বলেই এমনটা করা হচ্ছে, এটা রাজনীতি।"
এসিবি-র এক বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া অন্য অভিযুক্তরা হলেন ডিজেবি-র প্রাক্তন চুক্তিভিত্তিক পরামর্শক অঙ্কিত শ্রীবাস্তব, নগেন্দ্র যাদব, রাজা কুমার কুররা এবং পঙ্কজ ভার্মা। ডিজেবি-র সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বা বর্জ্য শোধন কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকীকরণ সংক্রান্ত দরপত্র প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, দরপত্রের শর্তাবলীতে কারচুপি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে ‘ডিরেক্টরেট অফ ভিজিল্যান্স’-এর দায়ের করা অভিযোগের ভিত্তিতে ২০২৪ সালের ১১ মে এই মামলাটি নথিভুক্ত করা হয়েছিল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান