নয়াদিল্লি, ২৯ মে (হি.স.) : ভারতীয় নৌসেনার নতুন ভাইস চিফ অফ নেভাল স্টাফ হিসেবে শুক্রবার দায়িত্ব গ্রহণ করলেন ভাইস অ্যাডমিরাল অজয় কোছর। তিনি নৌসেনার ৪৮তম উপ-প্রধান হিসেবে দায়িত্ব নিলেন। এর আগে তিনি ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাত্স্যায়নের স্থলাভিষিক্ত হন। সঞ্জয় বাত্স্যায়নকে পশ্চিম নৌ-কমান্ডের প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে।
দায়িত্ব নেওয়ার আগে ভাইস অ্যাডমিরাল কোছর জাতীয় যুদ্ধ স্মারকে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান। পরে সাউথ ব্লকে তাঁকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়।
‘অপারেশন সিঁদুর’-এর অন্যতম কৌশলবিদ হিসেবে পরিচিত অজয় কোছর পশ্চিম নৌ-কমান্ডের চিফ অফ স্টাফ থাকাকালীন নৌসেনার গুরুত্বপূর্ণ সম্পদের আক্রমণাত্মক অগ্রবর্তী মোতায়েনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সম্প্রতি তিনি আন্দামান ও নিকোবর কমান্ডের কমান্ডার-ইন-চিফ হিসেবেও দায়িত্ব সামলেছেন।
পুণের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী অজয় কোছর ১৯৮৮ সালের ১ জুলাই ভারতীয় নৌসেনায় যোগ দেন। গানারি ও মিসাইল সিস্টেম বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে তিনি একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। যুদ্ধজাহাজ ‘নাশক’, ‘বিভূতি’ ও ‘কৃপাণ’-এর কমান্ড সামলানোর পাশাপাশি ফ্রিগেট ‘ত্রিকণ্ড’-এর কমিশনিং কমান্ডিং অফিসারও ছিলেন তিনি। এছাড়া বিমানবাহী রণতরী আইএনএস ‘বিক্রমাদিত্য’-রও নেতৃত্ব দিয়েছেন।
ভারতীয় নৌসেনার তরফে জানানো হয়েছে, ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ, গোয়ার নেভাল ওয়ার কলেজ এবং যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কোছর কৌশলগত ও নীতিগত একাধিক গুরুত্বপূর্ণ পদে সফলভাবে কাজ করেছেন।
২০২১ সালে তিনি পশ্চিমী নৌবহরের নেতৃত্ব গ্রহণ করেন। পরে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির কমান্ড্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। সেখানে প্রশিক্ষণ ব্যবস্থা ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেন তিনি।
নৌসেনা সূত্রে খবর, তাঁর নেতৃত্ব ও অসামান্য পরিষেবার জন্য ২০২২ সালে তাঁকে ‘অতি বিশিষ্ট সেবা পদক’ এবং ২০২৬ সালে ‘পরম বিশিষ্ট সেবা পদক’-এ সম্মানিত করা হয়েছে।

