বাড়িজাতীয়পশ্চিম এশিয়া সংকটের মধ্যেও দেশে পর্যাপ্ত পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মজুত: কেন্দ্র

পশ্চিম এশিয়া সংকটের মধ্যেও দেশে পর্যাপ্ত পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মজুত: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ মে (হি.স.) : পশ্চিম এশিয়ায় চলতে থাকা অস্থিরতার মধ্যেও দেশে পেট্রোল, ডিজেল, এলপিজি, প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে আশ্বস্ত করল কেন্দ্র সরকার। শুক্রবার আন্তঃমন্ত্রক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্মসচিব সুজাতা শর্মা জানান, দেশের সমস্ত রিফাইনারি পূর্ণ ক্ষমতায় কাজ করছে এবং জ্বালানির সরবরাহ স্বাভাবিক রয়েছে।

তিনি জানান, বর্তমানে দেশে প্রতিদিন প্রায় ৯২ হাজার মেট্রিক টন এলপিজি উৎপাদন হচ্ছে, যা রেকর্ড স্তরে পৌঁছেছে। কোনও এলপিজি ডিস্ট্রিবিউটরের কাছ থেকেই গ্যাসের ঘাটতির অভিযোগ পাওয়া যায়নি। যদিও কয়েকটি জেলায় কৃষিকাজের চাহিদা এবং বাজারের প্রবণতার কারণে পেট্রোল ও ডিজেলের বিক্রি কিছুটা বেড়েছে, তবুও সরবরাহে কোনও সমস্যা হয়নি।

সুজাতা শর্মা বলেন, মজুতদারি ও কালোবাজারি রুখতে রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চল এবং শিল্প সংগঠনগুলিকে সতর্ক করা হয়েছে। সাধারণ মানুষকে শুধুমাত্র অনুমোদিত বিক্রেতাদের কাছ থেকেই জ্বালানি কেনার পরামর্শ দেওয়া হয়েছে। সরকার স্পষ্ট জানিয়েছে, অযথা জ্বালানি মজুত করার কোনও প্রয়োজন নেই।

তিনি আরও জানান, গত মার্চ মাস থেকে এখনও পর্যন্ত ৮.৩ লক্ষেরও বেশি নতুন পাইপড ন্যাচারাল গ্যাস (পিএনজি) সংযোগ চালু হয়েছে এবং ৮.৫ লক্ষ নতুন গ্রাহক নথিভুক্ত হয়েছেন। গত চারদিনে ১.৭৮ কোটি এলপিজি রিফিল বুকিং হয়েছে এবং প্রায় ১.৮ কোটি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। এর মধ্যে ৯৬ শতাংশ ডেলিভারি ডিজিটাল মাধ্যমে যাচাই করা হয়েছে।

এদিন সাংবাদিক বৈঠকে পত্তন, জাহাজ পরিবহণ ও জলপথ মন্ত্রকের ডিরেক্টর ওপেশ কুমার শর্মা জানান, ‘নিসোস কেরোস’ নামের একটি তেলবাহী জাহাজ ২৫-২৬ মে রাতে নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজটি প্রায় ২.৭ লক্ষ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে ৩ জুন বিশাখাপত্তনম বন্দরে পৌঁছনোর কথা রয়েছে। ওই জাহাজের সমস্ত নাবিক নিরাপদ রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব (গালফ) অসীম আর মহাজন জানান, পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর ভারত সরকার নিয়মিত নজর রাখছে। ওই অঞ্চলে থাকা ভারতীয় দূতাবাস ও কনস্যুলেটগুলি ২৪ ঘণ্টা হেল্পলাইন চালু রেখে ভারতীয় নাগরিকদের সহায়তা করছে। পাশাপাশি ইউএই, সৌদি আরব, ওমান-সহ একাধিক দেশ থেকে ভারতের বিভিন্ন শহরে বিমান পরিষেবা স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য