নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): চিন ও পাকিস্তানের যৌথ বিবৃতিতে জম্মু-কাশ্মীরের উল্লেখের তীব্র নিন্দা করলো ভারত। এ প্রসঙ্গে নিজস্ব অবস্থান স্পষ্ট করেছে নতুন দিল্লি। জম্মু-কাশ্মীর বা লাদাখের মতো কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিয়ে অন্য দেশকে মন্তব্য করা থেকে বিরত থাকার বার্তা দিয়েছে ভারত।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স মাধ্যমে জানিয়েছেন, “চিন ও পাকিস্তানের যৌথ বিবৃতিতে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের অযাচিত উল্লেখকে ভারত দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করে। ভারতের অবস্থান সুসংগত এবং সংশ্লিষ্ট পক্ষগুলির কাছে তা সুপরিচিত। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল দু’টি ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ ছিল, আছে এবং সর্বদাই থাকবে। এই বিষয়ে মন্তব্য করার অধিকার অন্য কোনও দেশের নেই।”
উল্লেখ্য, গত ২৩ মে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চিন সফরে যান। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াঙের সঙ্গে আলাদা ভাবে বৈঠক করেন শাহবাজ। সফরের শেষ দিনে মঙ্গলবার ভারত-চিন এক যৌথ বিবৃতি দেয়। সেই বিবৃতিতে উল্লেখ করা হয়, জম্মু-কাশ্মীরের পরিস্থিতির সর্বশেষ অবস্থা সম্পর্কে চিনকে অবগত করেছে পাকিস্তান। চিন জানিয়েছে, রাষ্ট্রপুঞ্জের সনদ অনুযায়ী সেই সমস্যা সমাধান করা উচিত। সেই প্রেক্ষিতেই জম্মু-কাশ্মীর প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত।

