Sunday, July 26, 2026
বাড়ি জাতীয় ‘বাংলা থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলব’, বিহারের বিজয়বার্তায় হুঙ্কার মোদির

‘বাংলা থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলব’, বিহারের বিজয়বার্তায় হুঙ্কার মোদির

‘বাংলা থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলব’, বিহারের বিজয়বার্তায় হুঙ্কার মোদির

স্যন্দন ডিজিটেল ডেস্ক ১৪ নভেম্বর : বিহারের ফলপ্রকাশ হতে না হতেই গিরিরাজ সিং, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা ‘মিশন বেঙ্গলে’র কথা বলেন। শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দাঁড়িয়ে বিহারের বিজয়বার্তায় মোদির মুখেও শোনা গেল বাংলার নাম। সাধারণ মানুষকে পাশে পেলে বাংলা থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলবেন বলেই হুঁশিয়ারি মোদির।

মোদি বলেন, “গঙ্গা বিহার দিয়ে প্রবাহিত হয়ে বাংলায় পৌঁছয়। বিহারই বাংলা জয়ের পথ। আমি বাংলার ভাইবোনেদের অভ্যর্থনা জানাই। এখন আমরা সকলে মিলে বাংলা থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলব।”

উনিশের নির্বাচনে বিজেপির ফলাফল তুলনামূলক ভালোই হয়েছিল। বেড়েছিল আসন। তারপর থেকে একের পর এক নির্বাচনে ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের। আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। বঙ্গ বিজেপির কাছে আসন্ন ভোট যেন ‘ডু অর ডাই ম্যাচে’র মতো। এই ভোটে না জিতলে, আর কখনই বিজেপির বাংলা দখল হয়তো সম্ভব হবে না বলেই জানিয়েছিলেন তারকা নেতা মিঠুন চক্রবর্তীও। তাই মোটের উপর স্পষ্ট যে বাংলাই এখন পাখির চোখ পদ্মশিবিরের। তবে ওয়াকিবহাল মহলের মতে, এখনও বাংলার শাসক শিবিরকে টেক্কা দেওয়ার মতো নিজেদের প্রস্তুত করতে ব্যর্থ বঙ্গ বিজেপি। একে তো দক্ষ সংগঠকের অভাব। আবার তার উপর গোষ্ঠীকোন্দল। দু’য়ের জাঁতাকলে রাজ্য কমিটি নির্বাচন এখনও অথৈ জলে। এদিকে, SIR ‘অস্ত্র’ও বাংলায় বিজেপির জন্য বুমেরাং হতে পারে বলে মত রাজনৈতিক মহলের। সবমিলিয়ে ‘দিশাহারা’ পদ্মশিবির আগামী বছরের নির্বাচনে আদৌ তেমন কিছু করে উঠতে পারে কিনা, সেটাই দেখার।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান