স্যন্দন ডিজিটাল ডেস্ক ৭ অক্টোবর : যুদ্ধের আগুনে হরমুজ প্রণালীতে ফের আক্রান্ত ভারতীয় নাবিক। মঙ্গলবার গুরুত্বপূর্ণ এই জলপথ পারাপারের সময় পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে আছড়ে পড়ে ড্রোন। ঘটনায় আহত হয়েছে ১১ ভারতীয় নাবিক। এই হামলার কড়া নিন্দা করেছে নয়াদিল্লি।
বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘এমটি অন পিস’ জাহাজটিতে ১৯ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১৭ জন ভারতীয়। মঙ্গলবার ওমান উপকূলের অদূরে বাণিজ্যতরীটিতে আছড়ে পড়ে ড্রোন। সাগরের উপরই দাউ দাউ করে জ্বলতে থাকে জাহাজটি। খবর পেয়ে তড়িঘড়ি উদ্ধারকাজে নামে ওমানি বাহিনী। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই হামলায় মোট ১২ জন ‘ক্রু’ আহত হয়েছেন, যাঁদের মধ্যে ১১ জনই ভারতীয়। সূত্রের খবর, হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্যতরীটিও। কিন্তু কে বা কারা এই হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়।
হামলার কড়া নিন্দা করেছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, ‘ওমান উপকূলের অদূরে পানামার পতাকাবাহী বাণিজ্যিতরীটিতে যে হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই। এই অঞ্চলে জাহাজগুলির উপর ধারাবাহিক হামলার ঘটনা গভীর উদ্বেগের। এহেন আক্রমণ অবিলম্বে বন্ধ করতে হবে। ওই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে ভারত। বলে রাখা ভালো, গত শুক্রবার ওমান উপকূলে কুয়েতের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হয়। কোনও মতে প্রাণে বাঁচে ৫ ভারতীয় নাবিক।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি। এর ফলে বিশ্বের জ্বালানির ধমনী হরমুজ প্রণালী অবরুদ্ধই রয়ে গিয়েছে। তবে অস্থির পরিস্থিতির মধ্যে ভারতমুখী ৬০টি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালী পার করেছে। বিপজ্জনক উপসাগরীয় অঞ্চল থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে ৩ হাজার ৯৭২ জন ভারতীয় নাবিককে। কিন্তু ১০ জন নাবিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান