Monday, October 5, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ইমরানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী হাজার হাজার জনতা

ইমরানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী হাজার হাজার জনতা

ইমরানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী হাজার হাজার জনতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক ৫ অক্টোবর : পূর্ব ঘোষণামতো শাহবাজ সরকারের ঘুম ছুটিয়ে রাজপথে নামল প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের  হাজার হাজার সমর্থক। ইমরানের মুক্তির দাবিতে তাঁর দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সমর্থকরা খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত থেকে বিরাট পদযাত্রা শুরু করেছেন। তাঁদের লক্ষ্য ২৭৫ কিমি পথ পেরিয়ে ইসলামাবাদ পৌঁছনো। এদিকে পিটিআইয়ের মিছিল আটকাতে দাঁত-নখ বের করল শাহবাজ শরিফের প্রশাসন। দফায় দফায় লাঠিচার্জের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে অন্তত ২০০০ জনকে।


পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার লাক্কি মারওয়াত থেকে মিছিল শুরুর পর ৩ কিলোমিটার দূরে ফ্রন্টিয়ার ফোর্স (এফপিএফ) এবং ইমরান খানের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। দুই তরফ থেকে পাথর ছোড়ার পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ। পালটা প্রতিরোধ গড়ে তোলে ইমরানের সমর্থকরা। এদিকে মিছিল রুখতে শনিবার রাতেই বৈঠকে বসেন সেনা প্রধান আসিম মুনির। শনিবার রাতেই পাঞ্জাব প্রদেশে বড় অভিযান চালানো হয়। বহু মানুষকে গ্রেপ্তার করা হয়। পিটিআইয়ের দাবি, তাদের অন্তত ২০০০ সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। ইসলামাবাদের মূল রাস্তাগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে। কন্টেনার নামিয়ে অবরুদ্ধ করা হয়েছে রাস্তা।


তবে পিছু হটতে নারাজ জনতা মিছিলে যোগ দেওয়া ২২ বছরের যুবক ওয়াসিম বলেন, “আমরা জীবনের পরোয়া করি না। শাহবাজ ও মুনির যতই দমনপীড়ন চালাক আমরা পিছু হটব না। যা ঘটে ঘটবে। আমরা ইসলামাবাদ পৌঁছবই।” পাশাপাশি সিন্ধুর বাসিন্দা ৩৫ বছর বয়সি জাকির বলেন, শাহবাজ শরিফ সরকারের আমলে মুদ্রাস্ফীতি ভয়ংকর বেড়েছে। কর্মসংস্থান নেই, আইনশৃঙ্খলা নেই দেশে। সময় এসেছে এদের ক্ষমতাচ্যুত করার।’


উল্লেখ্য, ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি। তাঁর বিরুদ্ধে ১০০টিরও বেশি মামলা রয়েছে। যার মধ্যে তিনটি মামলায় তাঁকে সাজা দেওয়া হয়েছে। এগুলি হল, আল কাদির ট্রাস্ট মামলায় ১৪ বছর, নথি ফাঁস মামলায় ১০ বছর এবং তোষাখানা মামলায় তিন বছর। তোষাখানা মামলায় ইমরানের স্ত্রী বুশরাও জেলবন্দি। সেপ্টেম্বর মাস থেকে ইমরানের বোন আলিমা, উজমা এবং নুরিনকেও হেফাজতে রাখা হয়েছে। যদিও পিটিআইয়ের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই দমনপীড়ন চালাচ্ছে শাহবাজ সরকার। তাঁর মুক্তির দাবিতে এবার রাজপথে নামল হাজার হাজার জনতা।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha