নিউ ইয়র্ক,
২৪ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বর্তমান পরিকাঠামোকে ‘সেকেলে’
ও ‘আট দশকের পুরনো’ আখ্যা দিয়ে অবিলম্বে এর আমূল সংস্কারের দাবি জানাল জি-৪ গোষ্ঠীভুক্ত
দেশগুলি—ভারত, ব্রাজিল, জার্মানি এবং জাপান। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার অধিবেশনের ফাঁকে
নিউ ইয়র্কে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই যৌথ বিবৃতি জারি করেন চার দেশের বিদেশমন্ত্রীরা।
যৌথ বিবৃতিতে চার দেশের বিদেশমন্ত্রীরা সাফ জানান, নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো
বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতাকে তুলে ধরতে ব্যর্থ এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা
বজায় রাখতে পারছে না। তাই বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিষদকে কার্যকর করে তুলতে
স্থায়ী ও অস্থায়ী—উভয় বিভাগেই সদস্য সংখ্যা বাড়ানো অত্যন্ত জরুরি।
একই সঙ্গে নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী ও বর্ধিত প্রতিনিধিত্বের দাবিকে পূর্ণ
সমর্থন জানিয়েছেন জি-৪ ভুক্ত দেশের প্রতিনিধিরা। পাশাপাশি, দীর্ঘ ১৮ বছর ধরে চলা সত্ত্বেও
‘ইন্টার-গভর্নমেন্টাল নেগোসিয়েশনস’-এর প্রক্রিয়া মূলত নিষ্ফলা রয়ে গেছে বলে তীব্র
অসন্তোষ প্রকাশ করেন তাঁরা। বিলম্ব না করে অবিলম্বে ‘টেক্সট-বেসড নেগোসিয়েশনস’ (নির্দিষ্ট
খসড়া ধরে আলোচনা) শুরুর জোর দাবি জানানো হয়েছে ওই বিবৃতিতে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান