ইসলামাবাদ,
১৮ আগস্ট
(হি স)। প্রায় তিন বছর ধরে জেলে বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। শারীরিক অবস্থার অবনতির খবর বহুদিন ধরেই শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার সেখানকার শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে,
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ৭৩ বছরের ইমরানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করতে হবে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই তাঁর চিকিৎসা চলবে।
ইমরানের শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ তৈরি হয়েছে। ফলে চিকিৎসা দ্রুত প্রয়োজন। এর জন্য একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হবে। সেই বোর্ডে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক এবং তাঁর বোন ডক্টর আলিমা খানকে রাখার কথা বলা হয়েছে। হাসপাতাল বদলের সিদ্ধান্তের ক্ষেত্রে সরকারের আপত্তি থাকলেও তা খারিজ করেছে শীর্ষ আদালত।
ইমরানের সর্বশেষ মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আসেনি। তবে প্রাক্তন পাক প্রেসিডেন্ট আরিফ আলভি সেটি সামাজিক মাধ্যমে প্রকাশ করে পরিস্থিতিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন। তাঁর দাবি,
আগামী তিন মাস ইমরানের শারীরিক অবস্থার জন্য গুরুত্বপূর্ণ।
২০২৩ সাল থেকে আদিয়ালা জেলে রয়েছেন ইমরান। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলছে। বারবার ইমরানের দল অভিযোগ করেছে,
পরিবার এবং দলের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং প্রয়োজনীয় চিকিৎসাও মিলছে না।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান