ওয়াশিংটন, ২২ মে (হি. স.) : ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করেছে আমেরিকা। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও এই তথ্য নিশ্চিত করেছেন। শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল-এর এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। সেনেটের শুনানি চলাকালীন সেনেটর ম্যাককনেল কাও-কে উদ্দেশ করে বলেন, আমরা তাইওয়ানকে আমেরিকা থেকে অস্ত্র কেনার জন্য উৎসাহিত করেছি। কিন্তু হঠাৎ করেই এই বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাও জবাবে বলেন, “আমি তাইওয়ানের আধিকারিকদের সঙ্গে সরাসরি কথা বলিনি। তবে, আমরা তাদের কাছে অস্ত্র বিক্রি করেছি। বর্তমানে এই বিক্রি স্থগিত রাখার মূল কারণ হলো— এটা নিশ্চিত করা যাতে আমাদের ‘এপিক ফিউরি’-র জন্য প্রয়োজনীয় গোলাবারুদ মজুত থাকে।” একই সঙ্গে তিনি দাবি করেন যে আমেরিকার কাছে পর্যাপ্ত পরিমাণে গোলাবারুদ রয়েছে।
কাও আরও জানান, “ট্রাম্প প্রশাসন যখন প্রয়োজন মনে করবে, তখনই আবার অস্ত্র বিক্রি শুরু করা হবে।” এই বিক্রি কবে থেকে পুনরায় চালু হবে, তা নির্ধারণ করার চূড়ান্ত ক্ষমতা প্রতিরক্ষা সচিব এবং বিদেশ সচিবের হাতে থাকবে বলেও তিনি উল্লেখ করেন। ম্যাককনেল অবশ্য এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন যে, এই বিষয়টিই সবচেয়ে বেশি উদ্বেগজনক।

