বাড়িবিশ্ব সংবাদহরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা, আমেরিকাকে কড়া হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা, আমেরিকাকে কড়া হুঁশিয়ারি ইরানের

তেহরান, ১৮ এপ্রিল ( হি.স.) : পশ্চিম এশিয়ার যুদ্ধবিরতির আবহের মধ্যেও নতুন করে উত্তেজনা ছড়াল হরমুজ প্রণালীকে ঘিরে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকার নৌ-নাকাবন্দি অবিলম্বে প্রত্যাহার না করা হলে আবারও গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ করে দেওয়া হতে পারে।

শুক্রবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, লেবাননকে ঘিরে ঘোষিত যুদ্ধবিরতির সময়সীমায় বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে। তবে এই অনুমতি একাধিক শর্তসাপেক্ষ। শুধুমাত্র বাণিজ্যিক জাহাজই চলাচল করতে পারবে, কোনও সামরিক জাহাজ নয়। পাশাপাশি জাহাজ বা তার পণ্য কোনও শত্রু দেশের সঙ্গে যুক্ত থাকা চলবে না এবং ইরান নির্ধারিত পথ মেনেই চলাচল করতে হবে।

এর মধ্যেই আমেরিকার নৌ-নাকাবন্দিকে যুদ্ধবিরতির শর্তভঙ্গ হিসেবে দেখছে তেহরান। ইরানের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে—এই নাকাবন্দি না তুললে ফের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে, যার প্রভাব পড়তে পারে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথকে ঘিরে ইরান-আমেরিকা টানাপোড়েন নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ বাড়াচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য