ঢাকা, ২৪ মার্চ (হি.স.) : বাংলাদেশে প্রাক্তন সেনা আধিকারিক ও ফেনী-৩ কেন্দ্রের প্রাক্তন সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরী-কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঢাকার বারিধারা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ডিবি । ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অন্তত চারটি মামলা রয়েছে। সেদেশের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বারিধারা ডিওএইচএসে তাঁর বাসভবন থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়।
উল্লেখ্য, ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির সময় তিনি সাভারের ৯ ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন। সে সময় সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত ছিলেন তিনি।
পরবর্তীতে তাঁকে ‘গুরুতর অপরাধ ও দুর্নীতি বিষয়ক জাতীয় সমন্বয় কমিটি’র প্রধান সমন্বয়ক করা হয়। ২০০৮ সালের জুন মাসে তিনি লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হন এবং পরে জাতীয় প্রতিরক্ষা কলেজে দায়িত্ব পান। এরপর তাঁকে বিদেশ মন্ত্রকে পাঠানো হয় এবং অল্প সময়ের মধ্যেই অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনে নিয়োগ করা হয়। পরে তিনি রাজনীতিতে যোগ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে একটি খুনের মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। পাশাপাশি দুর্নীতি, অবৈধ সম্পত্তি অর্জন এবং প্রায় ১০০ কোটি টাকা অর্থপাচারের অভিযোগও রয়েছে। সম্প্রতি সিআইডি তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা দায়ের করেছে। ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

