স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ অগস্ট : আশঙ্কা ছিলই। দু’মুঠো খাবারই যেন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল গাজার অসংখ্য মানুষের। যুদ্ধ শুরুর পর থেকে খাদ্য ও পুষ্টির মানের নিরিখে সবচেয়ে খারাপ পর্যায়ের সম্মুখীন হয়েছিল গাজা। অবশেষে রাষ্ট্রসংঘ সরকারি ভাবে ঘোষণা করল মৃত্যুপুরী গাজা দুর্ভিক্ষের সম্মুখীন। যদিও এই দাবি মানতে নারাজ ইজরায়েল।
শুক্রবার গাজার এই ঘোষণার পরই পশ্চিম এশিয়া প্রথমবার দুর্ভিক্ষের মুখোমুখি। বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রায় ৫ লক্ষ মানুষ অনাহারে বাস করছেন সেখানে। রাষ্ট্রসংঘের প্রধান টম ফ্লেচারের দাবি, এই দুর্ভিক্ষ সম্পূর্ণ ভাবেই আটকে দেওয়া যেত। কিন্তু ইজরায়েল ইচ্ছাকৃত ভাবে সেখানে ত্রাণ পৌঁছনো বন্ধ করে দিয়ে সেখানে খাবারের জোগান একেবারে শূন্যে নিয়ে যায়। আর তাতেই এই পরিস্থিতি।
এদিকে এই দাবি উড়িয়ে দিয়েছে ইজরায়েল। সেদেশের বিদেশ মন্ত্রকের পরিষ্কার দাবি, গাজায় কোনও দুর্ভিক্ষ হয়নি। যে বিবৃতি পেশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে হামাসের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যের উপর নির্ভর করে এই দাবি করা করা হচ্ছে।

