স্যন্দন ডিজিটেল ডেস্ক, অক্টোবর ১ : পান মশলার বিজ্ঞাপনের প্রচার করে চরম বিপাকে শাহরুখ খান, অজয় দেবগন, টাইগার শ্রফের মতো হাই প্রোফাইল তারকারা। গত ১১ আগস্ট মহারাষ্ট্রের খাদ্য সুরক্ষা প্রধান তুকারাম মুন্ধে একেবারে সিংহম মেজাজে নোটিস জারি করেন। ওই নোটিসে ‘বিমল এলাইচি’র বিজ্ঞাপনে তাঁদের ভূমিকার ব্যাখ্যা চাওয়া হয়। এবার আরও একধাপ এগিয়ে পান ও গুটখার মতো পণ্যের প্রচারে যুক্ত সেলিব্রিটিদের উদ্দেশে প্রশ্ন ছুড়লেন তুকারাম। বিজ্ঞাপনের মাধ্যমে যাঁরা সাধারণ মানুষকে প্রলোভন দেখাচ্ছেন তাঁরা নিজেদের পরিবারের ক্ষেত্রে সেই একই নিয়ম প্রয়োগ করেন? প্রিয়জনদের কখনও এই পণ্য চেখে দেখতে মদত দেন?
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের আয়োজিত আনুষ্ঠানে তুকারম মুন্ধে কড়া সুরে বলেন, “আপনি যদি পান বা গুটখার বিজ্ঞাপন করেন তাহলে আগে নিজে সেটি খান। আপনার সন্তানদেরও খেতে দিন এবং অভ্যাসে পরিণত করার সময় দিন। তারপর অন্যদের সেই পথে চালিত হতে অনুপ্রাণিত করুন। উল্টোটা কেন হবে?” তাঁর মতে, অভিনেতা-অভিনেত্রীরা বিজ্ঞাপনে শুধু ব্র্যান্ডের মুখ হিসেবে থাকবেন আর সেই পণ্যের বিষয়ে তাঁদের কোনও দায়বদ্ধতা নেই, এই যুক্তিও প্রত্যাখ্যান করেন। এপ্রসঙ্গে তুকারামের বক্তব্য, “অভিনেতা-অভিনেত্রীরা সকলের কাছে পরিচিত বলেই তাঁরা যে কোনও বিজ্ঞাপন করতে পারেন কিন্তু, অথচ কোনও দায়বদ্ধতা থাকবে না এমনটা হতে পারে না। এটা ঠিক নয়।”
তাঁর বক্তব্য অনুযায়ী, কোনও বিজ্ঞাপনে তারকাদের মুখ ব্যবহার করে শুধু ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করলেই হবে না। অবশ্যই বুঝতে হবে তাঁরা মানুষকে কী বিষয়ে উৎসাহিত করছেন। বিষয়টি শুধু ব্যক্তিগত নৈতিকতা বা মূল্যবোধের মধ্যে সীমাবদ্ধ নয়। বিজ্ঞাপনদাতাদেরও একটা আইনি দায়বদ্ধতা রয়েছে। খাদ্য বা ওষুধ সম্পর্কে বিভ্রান্তিকর দাবি করার অনুমতি আইন কখনও প্রশ্রয় দেয় না।
তুকারামের হুঁশিয়ারি, তারকা হোন বা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কেউই আইনের উর্ধ্বে নন। যাঁরা তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করেন, তাঁদেরও দায় নিতে হবে, স্রেফ উৎপাদনকারীকে দোষ দিলে চলবে না। তুকারাম মনে করিয়ে দিয়েছেন, যাঁরা তামাকজাত পণ্যের প্রচার করবেন তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান