Wednesday, November 18, 2026
বাড়ি রাজ্য শূন্য পদ থাকার পরেও নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ, উচ্চশিক্ষা দপ্তরের কড়া নাড়লেন উচ্চশিক্ষিত বেকাররা

শূন্য পদ থাকার পরেও নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ, উচ্চশিক্ষা দপ্তরের কড়া নাড়লেন উচ্চশিক্ষিত বেকাররা

শূন্য পদ থাকার পরেও নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ, উচ্চশিক্ষা দপ্তরের কড়া নাড়লেন উচ্চশিক্ষিত বেকাররা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ নভেম্বর : গত এক বছরে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আসন্ন আরো এক নির্বাচন। একের পর এক নির্বাচনের কারণে রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে পূরণ করা রাজ্য সরকারের পক্ষে কঠিন হয়ে পড়ছে। প্রতিদিন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে ময়দানে নামছেন উচ্চশিক্ষিত বেকাররা। বুধবার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের নিয়মিত নিয়োগের দাবিতে উচ্চশিক্ষা দপ্তরে স্মারকলিপি প্রদান করলো অল ত্রিপুরা এম.টেক, পিএইচ.ডি ইঞ্জিনিয়ারিং ফোরাম। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ড. চিরঞ্জিত ভৌমিক, সাধারণ সম্পাদক ড. দীপঙ্কর দে, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য দীপঙ্কর গুপ্ত।

 তাদের বক্তব্য, রাজ্যের উচ্চশিক্ষিত এম.টেক ও পিএইচ.ডি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের নিয়মিত সরকারি চাকুরিতে নিয়োগের দাবিতে বুধবার ফোরামের পক্ষ থেকে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মার নিকট ডেপুটেশন প্রদান করা হয়। বর্তমানে ত্রিপুরা রাজ্যে প্রায় ৭০০ জন এম.টেক ও পিএইচ.ডি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী উপযুক্ত কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন। শিক্ষাগত যোগ্যতা, গবেষণার অভিজ্ঞতা এবং পেশাগত দক্ষতা থাকা সত্ত্বেও রাজ্যে তাঁদের কর্মসংস্থানের সুযোগ অত্যন্ত সীমিত। ত্রিপুরা সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হয় নি। পাশাপাশি রাজ্যের ৬ টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বহু লেকচারার পদের পাশাপাশি অশিক্ষক ও কারিগরি পদও শূন্য পড়ে রয়েছে। তাই অতিসত্বর যেন শূন্য পদ গুলি পূরন করা হয় তার জন্য এইদিন উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়।

 আরো অভিযোগ, উচ্চশিক্ষিত বেকাররা চিন্তায় পড়েছে কনটেকচুয়াল নিয়োগ প্রক্রিয়ার কারণে। কারণ কন্টাকচুয়াল নিয়োগ প্রক্রিয়া রাজ্যের বেকারদের ভবিষ্যতের অন্যতম কাটা হয়ে দাঁড়াচ্ছে। এই চাকরির কোন নিশ্চয়তা থাকছে না। এই অনিশ্চিত চাকরিগুলির দ্বারা সরকার বিভিন্ন কলেজের পঠনপাঠন চালিয়ে যাচ্ছে। এ.আই.সি.টি.ই এবং ইউ.জি.সি নিয়ম অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়াগুলি নিয়ে আরো একাধিক অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় টিম রাজ্যে বিষয়গুলি খতিয়ে দেখতে আসলে তাদের সাতপাঁচ বুঝিয়ে দেওয়া হচ্ছে। এতে রাজ্যে উচ্চশিক্ষিত বেকারদের মধ্যে চরম অসন্তুষ্টি। তারা বঞ্চনার যন্ত্রণায় এদিন উচ্চশিক্ষা দপ্তরের দারস্থ হয়। বিশেষ করে এই হতাশাগ্রস্ত উচ্চশিক্ষিত বেকাররা রাজ্য ছেড়ে বিদেশে মাটিতে কিংবা বহির্রাজ্যে গিয়ে বিভিন্ন বেসরকারি সংস্থায় এবং বিভিন্ন কলেজে গিয়ে চাকরিতে যোগদান করতে বাধ্য হচ্ছেন। অথচ, রাজ্য সরকার দাবি করছে রাজ্যের উচ্চশিক্ষিত যুবকরা যেন রাজ্যের অগ্রগতির কাজে হাত লাগাতে ত্রিপুরার উন্নয়নের কর্মযজ্ঞে শ্রম দেন, সে জায়গায় রাজ্য সরকারের বঞ্চনার কারণে রাজ্য ছাড়তে হচ্ছে বড় অংশের উচ্চশিক্ষিত বেকারদের।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha