স্যন্দন ডিজিটাল ডেস্ক ১৩ অক্টোবর : এক বছর আগেও তুমুল সংঘাত ছিল দু’পক্ষের, এমনকী ডোনাল্ড ট্রাম্পের রাজপাট ছেড়ে বেরিয়েও আসেন ধনকুবের এলন মাস্ক। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই তিক্ত সম্পর্ক মধুর হয়েছে। তারই ফলস্বরূপ আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিকে ২৭৬ মিলিয়ন ডলার বা ২৬০০ কোটি টাকা চাঁদা দিলেন মাস্ক। এই ঘটনায় যারপরনাই খুশি ডোনাল্ড ট্রাম্প।
আগামী ৩ নভেম্বর আমেরিকায় হতে চলেছে মধ্যবর্তী নির্বাচন। তার আগে রিপোর্ট বলছে, ২০২৫-২৬ সালের নির্বাচনের সময় এখনও পর্যন্ত মাস্ক রিপাবলিকান পার্টিকে ৩৬৬ মিলিয়ন ডলার দিয়েছেন। যা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় দেওয়া ২৯০ মিলিয়ন ডলারের চেয়ে বেশি। পাশাপাশি রিপোর্ট বলছে, সেনেট নির্বাচনের সময় রিপাবলিকান পার্টির প্রচার সংস্থা ‘সেনেট লিডারশিপ ফান্ড’কে দিয়েছিলেন ১৫৮ মিলিয়ন ডলার। আমেরিকার ইতিহাসে এটাই ছিল নির্বাচনে কোনও সংস্থাকে দেওয়া সর্বোচ্চ চাঁদা। সবমিলিয়ে রিপাবলিকান পার্টিকে এখনও পর্যন্ত সর্বোচ্চ অর্থ দিয়েছেন এলন মাস্ক। এ ছাড়াও, মাস্ক ‘আমেরিকা প্যাক’-কে ৭৬ মিলিয়ন ডলার দিয়েছেন, যা তিন ডজনেরও বেশি আসনে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে প্রচার চালাচ্ছে।
২০২৪ সালে নির্বাচনে ট্রাম্পকে সমর্থনের জন্য আমেরিকা পিএসসি নামে এক সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন এলন মাস্ক। যার লক্ষ্য ছিল রিপাবলিকান প্রার্থীদের হয়ে প্রচার ও ভোটারদের কাছে পৌঁছতে সাহায্য করা। দলের পাশাপাশি রিপাবলিকান পার্টির সঙ্গে যুক্ত অন্যান্য সংস্থাগুলিকেও বিপুল অর্থ দিয়েছেন এলন মাস্ক। কখনও ‘কংগ্রেসনাল লিডারশিপ ফান্ড’-কে ২ কোটি ডলার, তো কখনও টেক্সাসে রিপাবলিকান সিনেট প্রার্থী কেন প্যাক্সটনকে সমর্থনকারী ‘লোন স্টার লিবার্টি পিএসি’ ১ কোটি ডলার দিয়েছেন। সেই ধারা অব্যাহত রেখে নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ২৭৬ মিলিয়ন ডলার বা ২৬০০ কোটি টাকা চাঁদা দিলেন মাস্ক।
স্পেস এক্স সংস্থার মালিক এলন মাস্ক। বর্তমানে তাঁর সংস্থা একের পর এক সরকারি চুক্তি করেছে। হোয়াইট হাউসেও যথেষ্ট প্রভাব রয়েছে তাঁর। ২০২৫ সালের জানুয়ারিতে, ট্রাম্প তাঁকে সরকারি ব্যয় কমানোর দায়িত্ব দিয়ে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি-এর প্রধান হিসেবে নিযুক্ত করেন। তবে, কয়েক মাস পরেই দু’জনের মধ্যে একটি বিরোধ চরমে ওঠে, সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। মাস্ক পরে ট্রাম্পের শিবিরে ফিরে আসেন। সম্প্রতি তাকে ‘ন্যাশনাল মেডেল অফ সায়েন্স’ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান