স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১০ অক্টোবর : দীর্ঘ ১৯ বছরের ব্যবসা, সঞ্চয় আর পরিবারের মুখে দু'মুঠো খাবার তুলে দেওয়ার স্বপ্ন—সবকিছুই যেন এক রাতের আগুনে ছাই হয়ে গেল! ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কমলপুর মহকুমার অন্তর্গত শিম্বুকচাক বাজারের তিনটি দোকান। সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ শিম্বুকচাক বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুটি ভুসিমালের দোকান এবং একটি মাছ-মাংসের দোকান। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা।
তবে
ততক্ষণে দোকানগুলির বিপুল পরিমাণ মালপত্র আগুনের গ্রাসে চলে যায়। ক্ষতিগ্রস্ত এক দোকানদারের দাবি, তাঁর দোকানে নগদ ৪৫ হাজার টাকা রাখা ছিল। আগুনে সেই টাকা পুড়ে যাওয়ার পাশাপাশি নষ্ট হয়েছে লেনদেনের হিসাবের খাতা, আধার কার্ড সহ গুরুত্বপূর্ণ নথিপত্র। দীর্ঘ ১৯ বছর ধরে গড়ে তোলা ব্যবসা এক রাতেই এভাবে ধ্বংস হয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। কীভাবে আবার নতুন করে ব্যবসা শুরু করবেন, কীভাবে সংসার চালাবেন—সেই চিন্তাই এখন তাকে তাড়া করে বেড়াচ্ছে। অন্যদিকে, তিনটি দোকানে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত, সেই বিষয়টিও এখনও স্পষ্ট নয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান