স্যন্দন ডিজিটাল ডেস্ক ১৩ অক্টোবর : মাস কয়েক আগে পর্যন্ত চর্চা ছিল, রোহিত শর্মা-বিরাট কোহলি কি আগামী ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পাবেন। দুই মহাতারকা ব্যাট হাতে তার জবাব দিয়েছেন। কিন্তু তাতেও কি জায়গা নিশ্চিত? অবশেষে এই নিয়ে মুখ খুললেন খোদ বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস। আর তিনি দু’টো শর্ত চাপিয়ে দিলেন রো-কো’র জন্য। সেখানে বয়স কোনও ফ্যাক্টর নয়। প্রশ্ন হল, একই শর্তে কি মহম্মদ শামিও কামব্যাক করতে পারবেন?
বিশ্বকাপ এখনও একবছর দূরে। তবে এখন যে ওয়ানডে সিরিজগুলো চলছে, তা মূলত ওয়ানডে বিশ্বকাপের দিকে তাকিয়ে। অধিনায়ক শুভমান গিল আগুনে ফর্মে আছেন। রোহিত-কোহলিও নিয়মিত সেঞ্চুরি করছেন। বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০, কোহলির ৩৮। দুই ক্রিকেটারের বয়স নিয়ে প্রশ্ন উঠেছিল।
তবে বোর্ড সভাপতি মিঠুন মানহাস বলছেন, “বোর্ড এখনই এই নিয়ে মন্তব্য করতে চায় না। কারণ, শেষ পর্যন্ত বিষয়টা নির্বাচকরা দেখবেন। কিন্তু আমার মতে, বয়স নয়। দল নির্বাচনের ক্ষেত্রে প্লেয়ারদের ফিটনেস ও পারফরম্যান্স দেখা উচিত। যদি কেউ খেলার মতো ফিট থাকেন, নিয়মিত পারফর্ম করেন, দেশকে ম্যাচ জেতান। তাহলে সেটাই দল নির্বাচনের আসল যোগ্যতা হওয়া উচিত।” রোহিত-কোহলিরা নিঃসন্দেহে এই মাপকাঠিতে চলে আসবেন। একই অঙ্কে তো মহম্মদ শামির দলে ফেরা উচিত। ফিটনেসের প্রমাণ দিয়েছেন, নিয়মিত উইকেট পাচ্ছেন। সেখানে চোট সত্ত্বেও হর্ষিত রানাকে দলে রাখা হয়। কিংবা গুর্নুর ব্রার-প্রসিদ্ধ কৃষ্ণরা ধারাবাহিক নন, তবু তাঁরা নিয়মিত দলে থাকেন। দু’ক্ষেত্রে কি দুই আলাদা মাপকাঠি?
আরেকটি বিষয়েও মুখ খুলেছেন মানহাস। অধিনায়ক শুভমান গিলকে সাহায্য করবেন দলের সিনিয়ররা। বোর্ড সভাপতি বলেন, “পাশে বিরাট, রোহিত, হার্দিক পাণ্ডিয়ারা থাকলে গিলের সুবিধা হবে। তাছাড়া জশপ্রীত বুমরাহ বোলিংকে নেতৃত্ব দিতে পারবেন। কেউ একজন ফিল্ডিংয়ের নেতৃত্ব দেবেন। এভাবে কাজ ভাগ করে দিলে গিলের সুবিধা হবে।”
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান