স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ১০ : দিওয়ালিতে লাগামছাড়া আতশবাজি পোড়ানোর পর দিল্লি, কলকাতা-সহ দেশের বহু শহরের দূষণের ভয়াবহ চিত্র প্রকাশ্যে এসেছিল। এবারে জানা গেল, পৃথিবীর সবচেয়ে দূষিত ৫০টি শহরের মধ্যে ৪৯টিই ভারতের। শহরগুলির সাম্প্রতিক খুব খারাপ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা দূষণের মাত্রাই একথাই বলছে। ভারতের কোন কোন শহর রয়েছে এই তালিকায়? সবচেয়ে দূষিত শহর কোনটি?
মঙ্গলবার সকালের তথ্য বলছে, পৃথিবীর সবচেয়ে দূষিত শহর হল রাজস্থানের শ্রীগঙ্গানগর। এদিন সকাল ৯টা বেজে ৫৪ মিনিটে সেখানে একিউআই ছিল ৮২১। তালিকায় দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে যথাক্রমে পাঞ্জাবের ভাটিণ্ডা (৬২৯) এবং হরিয়ানার সির্সা (৫৪৪)। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে হিসার (৫১৬) ও ফরিদকোট (৫০৬)। এই পাঁচটি ছাড়াও উত্তর ভারতের অধিকাংশ শহর ধূলিকণার ঘন আস্তরণে ঢাকা পড়েছে। বিশেষত পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশের শহরগুলিতে দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছে। গড়ে এই শহরগুলির একিউআই ৪০০-র ঘরে।
দিল্লির পরিস্থিতি খারাপের মধ্যে ভালো। একিআই ৩৯৩। দূষিততম শহরের তালিকায় ২৪তম স্থানে। একটি বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে, দূষণের গ্রাসে কেবল দিল্লি ও তার প্রতিবেশী শহরগুলি নয়, রাজধানীর থেকে অনেক দূরে অবস্থিত লুধিয়ানা, পাটিয়ালা, বুদৌন, জৌনপুর এবং গোরক্ষপুরের মতো শহরগুলিও বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরের তালিকায় ঢুকে পড়েছে। এর থেকে স্পষ্ট যে ভারতের দূষণ সমস্যা কতটা ব্যাপক আকার ধারণ করেছে। কেবল দিল্লির উপর মনোযোগ দিলে হবে না, যেহেতু সমগ্র উত্তর ভারতই দূষণসংকটে। উল্লেখ্য, বিশ্বের দূষিত শহরগুলির তালিকায় ভারতের বাইরে কেবল পাকিস্তানের লাহোর ঠাঁই পেয়েছে। একিউআই ৪৩০। স্থান চোদ্দতম।
বাস্তব পরিস্থিতি যখন ভয়ংকর, তখন যথারীতি রাজনৈতিক তর্জা শুরু হয়েছে। দিল্লির মন্ত্রী কপিল মিশ্রর অভিযোগ, আপশাসিত পাঞ্জাবে ইচ্ছাকৃতভাবে ফসলের খেতে আগুন লাগানো হচ্ছে। দূষণ বাড়ার কারণ হিসাবে ফসলের গোড়া পোড়ানোর ঘটনাকেই ভিলেন বানাচ্ছেন তিনি। অন্যদিকে আম আদমি পার্টি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। যদিও রাজনৈতিক দলগুলির নয়, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকা প্রকাশ্যে আসায় মুখ পুড়ল ভারতের।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান